ডেস্ক রিপোর্ট | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে আড়ালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান। তার সাম্প্রতিক কথায় অভিনয়ে ফেরার অনাগ্রহের ইঙ্গিতও মিলেছে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’
পপির এই বক্তব্যে চলচ্চিত্রের ঝলমলে জগৎ থেকে নিজেকে আরও গুটিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে তিনি বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
২০২৫ সালে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে চান। তবে যেকোনো কাজ নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই পর্দায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালে এসেও চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বেশ কিছু প্রশংসিত চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে চলে যান এই অভিনেত্রী। ওই সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই কমে যায়।
এরপর থেকেই পপিকে ঘিরে নানা গুঞ্জন ছড়াতে থাকে। মিডিয়াপাড়ায় খবর ছড়ায়, বিয়ে করে সংসারী হয়েছেন এই অভিনেত্রী। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।
দীর্ঘদিনের আড়াল ভেঙে সম্প্রতি দেওয়া বক্তব্যে পপি যে নতুনভাবে জীবনকে দেখছেন, সেটিই এখন আলোচনায়। তার কথায় আপাতত চলচ্চিত্রে ফেরার চেয়ে শান্তিপূর্ণ জীবন ও সৃষ্টিকর্তার স্মরণেই বেশি মনোযোগ দেওয়ার ইঙ্গিত মিলছে।