ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে আয়োজন করা না হলে যৌথ আয়োজক হিসেবে সরে দাঁড়ানোর প্রস্তাব দিতে পারে দেশটির বিরোধী দল পিপি (পিপলস পার্টি)। দলটির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহোর এমন মন্তব্যে বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। তবে টুর্নামেন্টের ফাইনাল কোন দেশে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ নিয়ে তিন আয়োজক দেশের মধ্যে চলছে প্রতিযোগিতা।
স্পেনের সংবাদমাধ্যম এল এস্পানিওলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে পিপি ক্ষমতায় এলে এবং ফিফা ফাইনাল মরক্কোকে বরাদ্দ দিলে স্পেনকে আয়োজক হিসেবে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিতে পারে দলটি।
সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’তে ফেইহো বলেন, বিশ্বকাপের ফাইনাল স্পেনেই আয়োজন করা উচিত। অন্যথায় এই আসর আয়োজনে স্পেনের অংশ নেওয়া উচিত নয়।
পিপির দাবি, স্পেন ও পর্তুগাল প্রথমে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিয়েছিল। পরে এর সঙ্গে যুক্ত হয় মরক্কো। তাই ফাইনাল স্পেনে আয়োজন করাকে ন্যায্য বলে মনে করছে দলটি।
ফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যু স্টেডিয়াম। অন্যদিকে মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন গ্র্যান্ড স্টেডিয়াম হাসান দ্বিতীয়ও রয়েছে সম্ভাব্য ভেন্যুর তালিকায়।
তবে স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আয়োজন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাবে একমত নয়। সংস্থাটির মতে, ফিফা, অন্য আয়োজক দেশ ও সরকারের সঙ্গে চুক্তি থাকায় বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানো সহজ হবে না। তবে ফাইনাল স্পেনে আয়োজনের দাবি অব্যাহত রেখেছে ফেডারেশন।
এদিকে বিশ্বকাপের প্রস্তুতি যাচাই করতে স্পেনের বিভিন্ন শহর পরিদর্শন শুরু করেছে ফিফার প্রতিনিধিদল। স্টেডিয়াম, আবাসন, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ মাঠ ও পরিবহনব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পর্যালোচনা করছেন তাঁরা। নভেম্বর ও ডিসেম্বরজুড়ে তিন আয়োজক দেশেই এই পরিদর্শন চলবে।
ফাইনাল আয়োজন নিয়ে রাজনৈতিক অবস্থান ও তিন দেশের প্রতিযোগিতার মধ্যে এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত ২০৩০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে বাড়ছে আগ্রহ।