ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী বাস ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে অ্যাবটাবাদ জেলার হাভেলিয়ান ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানায়, বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথে বাসটির একটি টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটির সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। উদ্ধারকাজ ও জরুরি চিকিৎসাসেবা দিতে সাতটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী যান পাঠানো হয়।
কর্মকর্তারা জানান, আহত ৩০ জনের মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছেন। তাদের উদ্ধার করে আইয়ুব মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
এদিকে পাকিস্তানে সাম্প্রতিক সময়ে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এর আগের দিন পাকপত্তনের কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত এবং ৩৩ জন আহত হন। এছাড়া গত সপ্তাহে পাঞ্জাবের হাফিজাবাদ জেলায় একটি যাত্রীবাহী বাস ড্রেনে পড়ে পাঁচজন নিহত ও ২৭ জন আহত হন।
সূত্র: ডন ও সিনহুয়া।