জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামের প্রধান সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুর বিভিন্ন স্থানে কংক্রিট ও পলেস্তারা খসে পড়েছে। বেরিয়ে এসেছে ভেতরের রড। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামেশ্বর গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম সেতুটি। প্রতিদিন শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ এটি ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুটির অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে।
বিশেষ করে সেতুর নিচের অংশের কংক্রিট ক্ষয়ে রড বেরিয়ে আসায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি জেনেও সেতুটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা কামরুল খান বলেন, সেতুটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে সেতুটি ভেঙে পড়ে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য এস.এম ফয়সলের সুদৃষ্টি কামনা করেন তিনি।
এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সেতুটি পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে পুরোনো সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা মো. সামস্ জাবেদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। তাই সবকিছু এখনো জানা নেই। তবে বেশ কয়েকটি সেতু নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।’
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান রামেশ্বর গ্রামের বাসিন্দারা।