শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কানাডার পিআর পেতে নতুন সুযোগ, এলএমআইএ ছাড়াই মিলবে ১০০ পয়েন্ট

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডার পিআর পেতে নতুন সুযোগ, এলএমআইএ ছাড়াই মিলবে ১০০ পয়েন্ট

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) প্রত্যাশীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় নতুন সুযোগ তৈরি হয়েছে। এখন থেকে নির্দিষ্ট যোগ্যতার চাকরির প্রস্তাব থাকলে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) ছাড়াই কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) সর্বোচ্চ ১০০ অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে। মঙ্গলবার থেকে নতুন এ নিয়ম কার্যকর করেছে কানাডার অভিবাসন বিভাগ।

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, উচ্চ বেতনের যোগ্য পেশায় চাকরির প্রস্তাব অথবা কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত পয়েন্ট দেওয়া হবে। তবে দুই ক্ষেত্রের পয়েন্ট একসঙ্গে পাওয়ার সুযোগ নেই। যে পদ্ধতিতে বেশি পয়েন্ট পাওয়া যাবে, সেটিই বিবেচনায় নেওয়া হবে।

নতুন নিয়মে চাকরির প্রস্তাবের ক্ষেত্রে পেশার নির্ধারিত মধ্যম মজুরির দ্বিগুণ বা তার বেশি বেতন হলে ১০০ পয়েন্ট, দেড় গুণ বা তার বেশি হলে ৭০ পয়েন্ট এবং ১ দশমিক ৩ গুণ বা তার বেশি হলে ৫০ পয়েন্ট পাওয়া যাবে। তবে নির্ধারিত বেতনসীমা পূরণ না হলে চাকরির প্রস্তাবের বিপরীতে কোনো অতিরিক্ত পয়েন্ট মিলবে না।

এ ছাড়া কানাডায় অন্তত ১২ মাসের যোগ্য কর্ম-অভিজ্ঞতা থাকলে পেশার বেতনস্তর অনুযায়ী ২০, ৪০ অথবা ৭০ অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি কর্ম-অভিজ্ঞতার মেয়াদ অনুযায়ী প্রচলিত সিআরএস পয়েন্টও যোগ হবে।

নতুন ব্যবস্থায় চাকরির প্রস্তাব নতুন কিংবা পুরোনো—যেকোনো নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া যেতে পারে। একইভাবে নতুন পদ বা আগে থেকে বিদ্যমান পদেও চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে। এসব ক্ষেত্রে এলএমআইএ বাধ্যতামূলক নয়। এমনকি এলএমআইএ থাকলেও অতিরিক্ত পয়েন্ট বা প্রোফাইলে বাড়তি অগ্রাধিকার পাওয়া যাবে না।

তবে চাকরির প্রস্তাব অবশ্যই বাস্তব ও গ্রহণযোগ্য হতে হবে। নিয়োগকর্তার ব্যবসার বৈধতা, কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা, প্রস্তাবিত বেতন ও নিয়োগের শর্ত পূরণের সক্ষমতা এবং প্রার্থীর সংশ্লিষ্ট কাজের যোগ্যতা যাচাই করবে আইআরসিসি। ভুয়া চাকরির প্রস্তাব কিংবা তথ্য গোপনের ক্ষেত্রে নেওয়া হতে পারে ব্যবস্থা।

এদিকে, নতুন নিয়ম কার্যকরের পর বিদ্যমান এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলগুলোর সিআরএস স্কোর স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় নতুন করে স্থায়ী বসবাসের আবেদন করার আমন্ত্রণপত্র (আইটিএ) দেওয়ার ড্র সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে আইআরসিসি।

তবে নতুন নিয়মে অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হলেও চাকরির প্রস্তাব থাকলেই কানাডার পিআর নিশ্চিত হবে না। বয়স, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা, কর্ম-অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ড্রয়ের সিআরএস কাট-অফ স্কোরের ওপরও নির্ভর করবে স্থায়ী বসবাসের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম