জেলা প্রতিনিধি | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও স্বজনদের বিরুদ্ধে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বসতবাড়ির সীমানায় লাগানো সুপারি গাছে পানি দিতে যান হাসানুর শেখ। এ সময় তার চাচাতো ভাই হাসদেল শেখ জমিতে গাছের ছায়া পড়ার অজুহাতে আপত্তি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে হাসদেল শেখ, তার ছেলে মামুন শেখ ও আরমান শেখ, মেয়ে তাসলিমা খানমসহ সাত-আটজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসানুরের ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।