নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন বাড়ানোর দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার আগে কয়েকজন শ্রমিক মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের সরিয়ে দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাক এলাকায় শ্রমিকদের অবরোধের চেষ্টা ছাড়া গাজীপুরের অন্য কোথাও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
পুলিশ সুপার আরও জানান, নতুন করে ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে আগে বন্ধ থাকা কয়েকটি কারখানা পুনরায় চালু হয়েছে। কতটি কারখানা খুলেছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।