জেলা প্রতিনিধি | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বয়স যে শিক্ষার পথে বাধা নয়, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম। দীর্ঘ ২৭ বছর পড়াশোনার বাইরে থাকার পর ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৪৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তুরাব আলীর ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। এরপর জীবন-জীবিকার তাগিদে আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি।
দীর্ঘ বিরতির পর জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন আমিনুল। নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর প্রত্যয়ে ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন। সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব সামলে শুরু করেন নতুন করে পড়াশোনা।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৪৬ পেয়ে তাঁর সেই প্রচেষ্টার সফল পরিণতি আসে।
রোববার (১ নভেম্বর) আমিনুল ইসলাম বলেন, সারা দিনের ব্যস্ততা শেষে মানুষের সেবা করে রাতে বই নিয়ে পড়তে বসতেন তিনি। শিক্ষার কোনো বয়স নেই। যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাঁর এই অর্জন দেখে তাঁরা নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পাবেন বলে আশা করেন।
তিনি বলেন, “জনসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।” সুযোগ পেলে আগামীতে স্নাতক পর্যায়েও ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তিনি।
মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের ব্যক্তিগত অর্জন নয়, পুরো ইউনিয়ন পরিষদের জন্যই গর্বের বিষয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, ৪৭ বছর বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি বর্তমান সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।