জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০০ টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
দুদক সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এ অভিযান চালানো হয়। এ সময় টিপসই নেওয়ার মুহূর্তে রাকিব হোসেনকে ৪ হাজার ৩০০ টাকাসহ আটক করা হয়। তিনি তাঁর নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রাকিবকে ২০০ টাকা জরিমানা করেন।
দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাঁর নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
তিনি আরও জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদে থাকা রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।