শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বসনিয়ায় ইইউ মিশনে ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বসনিয়ায় ইইউ মিশনে ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চালকসহ হেলিকপ্টারটিতে মোট ১৫ জন ছিলেন। তারা সবাই ইতালির নাগরিক। নিহত চারজনের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন ইতালীয় রেডক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য।

দুর্ঘটনায় আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে আমার প্রথম ভাবনা নিহতদের পরিবারের প্রতি। ব্যক্তিগতভাবে এবং পুরো প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ইতালীয় সংবাদ সংস্থা আনসার তথ্য অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনার ব্রকো জেলার গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে সামরিক পরিবহন হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনায় সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের ‘অপারেশন আলথিয়া’র অংশ হিসেবে বসনিয়ায় মোতায়েন ছিল। ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করাই এ মিশনের মূল দায়িত্ব।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কী পরিস্থিতিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমার ভাবনা নিহতদের পরিবার এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মিশনে নিয়োজিত সবার সঙ্গে রয়েছে। তারা বর্তমানে অত্যন্ত বেদনাদায়ক সময় পার করছেন।’

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম