জেলা প্রতিনিধি | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় একটি মাদ্রাসার বাস। এতে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। পথে সাতকানিয়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
নিহতরা হলেন মাদরাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ভোরে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।