ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরানের গণমাধ্যম। হামলার পর দ্বীপটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় দুটি বস্তু আঘাত হানতে দেখেছেন। এর আগে দ্বীপের আকাশে বিমানের শব্দও শুনতে পান তাঁরা।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি—এমন প্রচারিত খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।
শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, দুই পক্ষ এখনো একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার।
অন্যদিকে, কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
এর আগে শুক্রবার হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের খবর প্রকাশ করে ইরানের গণমাধ্যম। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।