শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রত্যয় নিয়ে সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসেন। তাঁদের সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে সেনানিবাসে বন্দি তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম মুক্ত হন। পরে তাঁকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

বিএনপির দৃষ্টিতে, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে দিনটি দলটির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ৭ নভেম্বর দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। তিনি আরও বলেন, সব সময় অতীতের ইতিহাস চর্চায় মগ্ন থাকা যেমন সমীচীন নয়, তেমনি ভবিষ্যৎ নির্মাণে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাও ঐতিহাসিক ভুল।

দিবসটি উপলক্ষে আজ দেশব্যাপী সাধারণ ছুটি পালিত হচ্ছে। দেশের সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও দিবসটি পালনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দিনটি ঘিরে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনা নতুন করে স্মরণ করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম