ডেস্ক রিপোর্ট | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
শুটিং সেটে হঠাৎ বিপত্তিতে পড়লেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শুটিংয়ের সময় আচমকাই নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায় তাঁর। বিষয়টি বুঝে ওঠার আগেই সেটি গিলে ফেলেন অভিনেত্রী। এতে মুহূর্তেই শুটিং সেটে তৈরি হয় উদ্বেগের পরিস্থিতি।
ঘটনার একটি ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শেহনাজ। ভিডিওতে দেখা যায়, দৌড়ে একটি দৃশ্যের শট দিতে যাওয়ার সময় হঠাৎ তাঁর নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায়। এরপর তাঁকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়।
পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত শেহনাজের কাছে ছুটে আসেন তাঁর সহ-অভিনেতা সৌরভ সচদেবা। সেটের অন্য সদস্যরাও এগিয়ে আসেন সাহায্যের জন্য। ভিডিওতে সৌরভকে শেহনাজের পিঠে চাপড় দিতে দেখা যায়।
হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ। একই সঙ্গে শরীরেও অস্বস্তি অনুভব করছিলেন তিনি। তবে সেই পরিস্থিতিতেও শুটিং বন্ধ রাখেননি অভিনেত্রী। অস্বস্তি সামলে আবারও কাজে মন দেন তিনি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শেহনাজের পেশাদারিত্বের প্রশংসা করছেন তাঁর অনুরাগীরা। অনেকেই কাজের প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করেছেন। তবে কেউ কেউ এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়ায় উদ্বেগও প্রকাশ করেছেন। তাঁদের মতে, কাজের চেয়ে নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
শেহনাজ গিলকে সর্বশেষ দেখা গেছে ‘ইশকনামা’ ছবিতে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
সূত্র: এনডিটিভি