শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ

ফাইল ছবি

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করছেন সামানজার সাঈদ। আগামী রোববার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে শনিবার ঢাকা ছাড়বেন তিনি।

যাত্রার আগে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি ও লক্ষ্য সম্পর্কে জানান সামানজার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করা এই তরুণী কৌতূহল থেকেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রথমবার অংশ নিয়েই অর্জন করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট।

বিশ্বমঞ্চে নিজের লক্ষ্য সম্পর্কে সামানজার সাঈদ বলেন, “মঞ্চে উঠে যেন আত্মবিশ্বাস না হারাই, সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া। এতদিন যা শিখেছি এবং যে দক্ষতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার মূল লক্ষ্য।”

তিনি জানান, মুকুট জয়ের পর থেকে ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা ও বিভিন্ন বিষয়ে নিবিড় গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন, যা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে।

শৈশব থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি আগ্রহ ছিল সামানজারের। টানা চার বছর কত্থক ও ভরতনাট্যম শিখেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার ব্যস্ততায় সৃজনশীল কাজ থেকে কিছুটা দূরে থাকলেও এখন আবার নিজের আগ্রহের বিষয়গুলোতে ফিরতে চান। ভবিষ্যতে ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় জগতেও কাজ করার ইচ্ছা রয়েছে তার।

গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার কাছ থেকে তিনি বিজয়ীর মুকুট গ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপের খেতাব পান লাবিবা মনজুর।

ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই এখন সামানজার সাঈদের প্রধান লক্ষ্য।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম