ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় এতদিন অভিনয়ে ফেরার বিষয়ে আগ্রহ দেখাননি তিনি। তবে এবার সহকর্মী ও ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় ফেরার আশ্বাস দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী।
জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। এ সময় তিনি ববিতাকে আবারও সিনেমায় অভিনয়ের অনুরোধ জানান।
শাকিব বলেন, ‘ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’
শাকিবের এমন অনুরোধে ইতিবাচক সাড়া দেন ববিতা। তবে তিনি জানান, শুধু অভিনয়ের জন্য অভিনয়ে ফিরতে চান না। ভালো গল্প ও ব্যতিক্রমী চরিত্র পেলেই কেবল তিনি নতুন সিনেমায় কাজ করবেন।
ববিতা বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করার থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।’
তিনি আরও বলেন, শাকিব খানের পেশাদারত্ব ও কাজের প্রতি নিষ্ঠা তাকে মুগ্ধ করেছে। সাম্প্রতিক সময়ে শাকিবের কাজেরও প্রশংসা করেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ববিতা ও শাকিব খান এর আগে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাঁদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’সহ কয়েকটি সিনেমা দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল।
সবকিছু ঠিক থাকলে শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে পারেন ববিতা।