শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’

বিশ্ব চলচ্চিত্রের বহুল সমাদৃত এক নাম স্টিভেন স্পিলবার্গ, যার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন কোটি ভক্ত। সিনেমা নির্মাণে অর্ধ শতাব্দীরও বেশি সময় উৎসর্গ করে এই আমেরিকান পরিচালক গড়ে তুলেছেন এক বিশাল চলচ্চিত্র সম্রাজ্য। ক্যারিয়ারে তিনবার অস্কার ঘরে তুলেছেন তিনি। এমন একজন পরিচালক যখন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তখন থেকেই দর্শকের উন্মাদনার পারদ উপরে উঠতে থাকে।

বড় খবর হল, ফের পর্দায় আসছে স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা। ‘ডিসক্লোজার ডে’ নামের এই সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ১২ জুন। বাংলাদেশের দর্শকরাও পিছিয়ে থাকবেন না। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

দীর্ঘদিন ধরে স্পিলবার্গ তুলনামূলকভাবে ব্যক্তিগত ও সংবেদনশীল গল্পে মন দিয়েছেন। ‘দ্য ফ্যাবেলম্যানস’-এ তিনি নিজের বেড়ে ওঠার গল্প বলেছেন আর ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে ক্ল্যাসিক মিউজিককে নতুনভাবে উপস্থাপন করেছেন। এবার তিনি ফিরে এসেছেন তাঁর সেই পুরোনো পরিচিত স্টাইলে, যেখানে রহস্য, প্রযুক্তি, বিস্ময় আর অজানার আকর্ষণ একসঙ্গে কাজ করে।

‘ডিসক্লোজার ডে’র কাহিনী পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এটি ভিনগ্রহের প্রাণী, তাদের পৃথিবীতে আগমন এবং সেই সত্যকে আড়াল করার এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত।

এ ছবিতে এমিলি ব্লান্ট অভিনয় করেছেন এক আবহাওয়া সংবাদকর্মীর ভূমিকায়, যার সঙ্গে ভিনগ্রহের আগন্তুকদের রহস্যময় যোগাযোগ রয়েছে। জশ ও’কনরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যিনি প্রমাণ হাতে পেয়েছেন যে মানুষের সঙ্গে অন্য জগতের যোগাযোগ ইতিমধ্যে ঘটেছে।

অন্যদিকে কলিন ফার্থ ক্ষমতাধর এক প্রশাসনিক ব্যক্তি, যিনি এই সত্য গোপন রাখতে যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি আগে স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’-এ কাজ করেছেন।

সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন চলচ্চিত্র সাংবাদিকরা। পাশাপাশি মূল তারকা এমিলি ব্লান্ট তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দিয়েছেন বলে প্রশংসা পেয়েছেন।

উদ্বোধনী প্রদর্শনীতে স্পিলবার্গ বলেন, ‘আমি বিশ্বাস করি নতুন এই সিনেমাটি যেমন অনেক উত্তর দেবে, তেমনি মানুষকে অনেক অজানাকে নিয়ে প্রশ্ন করতেও বাধ্য করবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম