শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রুনা লায়লা-বেবী নাজনীনকে নিয়ে ঈদ আনন্দমেলা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রুনা লায়লা-বেবী নাজনীনকে নিয়ে ঈদ আনন্দমেলা

‘আনন্দমেলা’ অনুষ্ঠানে প্রথম একসঙ্গে অংশ নিলেন নন্দিত দুই কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বেবী নাজনীন। বিটিভির ঐতিহ্যবাহী এই ম্যাগাজিন অনুষ্ঠানে তাদের পরিবেশনায় থাকছে কালজয়ী দুটি গান। এ আয়োজনে রুনা লায়লা গেয়েছেন অগণিত শ্রোতার প্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’। অন্যদিকে বেবী নাজনীনের কণ্ঠে থাকছে তাঁর শিল্পীজীবনের অনবদ্য সৃষ্টি ‘কাল সারারাত’ গানটি।

আয়োজকদের কথায়, বর্ণাঢ্য আয়োজনে নির্মিত ‘আনন্দমেলা’ যুগ যুগ ধরে দর্শক প্রত্যাশা পূরণ করে যাচ্ছে। তাই এ ম্যাগাজিন অনুষ্ঠানের প্রতিটি পর্ব ব্যতিক্রমী ও নতুন সব আয়োজন নিয়ে সাজানোর চেষ্টা করা হয়। এর আগে রুনা লায়লা ও বেবী নাজনীন দুজনই ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কিন্তু এই ম্যাগাজিন অনুষ্ঠানের কোনো পর্বে তাদের একসঙ্গে দেখা মিলতে যাচ্ছে এই প্রথম। এ আয়োজনে তাদের অনিন্দ্য পরিবেশনার গানগুলো দর্শকের মনে অনুরণন তুলবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

রুনা লায়লার কথায়, উৎসবকে ঘিরে নির্মিত প্রতিটি অনুষ্ঠান নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। আর সে কথা মাথায় রেখে অসংখ্য শ্রোতার প্রিয় একটি গান নতুন করে গাওয়া; যা অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে তাঁর বিশ্বাস।

বেবী নাজনীন বলেন, ‘যে অনুষ্ঠানের জন্য দর্শক প্রতীক্ষার প্রহর গুনতে থাকে, সেখানে নিজের সেরা কাজটি তুলে ধরলেই নয়। তাই ‘আনন্দমেলা’র জন্য ‘কাল সারারাত’ গানটি বেছে নেওয়া। কারণ এই গানের আবেদন, সৃষ্টির এত বছর পরও এতটুকু ম্লান হয়নি। গানটি নতুন করে গাইতে পেরে নিজেও ভীষণ আনন্দিত। আশা করছি, এই গানসহ বিটিভির এই ম্যাগাজিনের প্রতিটি পর্ব দর্শক মনে ছাপ ফেলবে।’

আয়োজকরা আরও জানান, ‘আনন্দমেলা’য় রুনা লায়লা ও বেবী নাজনীনের গানের পাশাপাশি থাকছে নৃত্য, নাট্যাংশসহ নানা রকম আয়োজন। দেশের প্রথম সারির মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ তাঁর নাচের দল নিয়ে একটি চমকপ্রদ পরিবেশনা তুলে ধরেছেন এই ম্যাগাজিন অনুষ্ঠানে। তাঁর পাশাপাশি আরেকটি নাচে অংশ নিয়েছেন এ সময়ের আলোচিত দুই তারকা মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর।

অন্যদিকে আশির দশকের সাড়া জাগানো পপগান ‘এমন একটা মা দেনা’ নতুন করে এ আয়োজনে গেয়েছেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ। এ ছাড়া অভিনেত্রী পরীমনিসহ আরও বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন অনুষ্ঠানের বিভিন্ন পর্বে। উপস্থাপনায় নন্দিত অভিনেতা আফরান নিশো। ‘আনন্দমেলা’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন গীতিকবি কবির বকুল। যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজ সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানটি ঈদুল আজহার প্রথম দিন বিটিভিতে প্রচার হবে।

এদিকে রুনা লায়লা অনেকদিন পর ‘প্রিন্স’ সিনেমায় প্লেব্যাক করে সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছেন। তরুণ শিল্পী প্রীতম সাহানের সঙ্গে গাওয়া তাঁর ‘জ্বালা জ্বালা’ গানটি অল্প সময়ে অনেকের মনোযোগ কেড়েছে। তাঁর আগে তিনি গানের ভুবনে পুনরায় আলোড়ন তুলেছেন অনলাইন সংগীতানুষ্ঠান ‘কোক স্টুডিও বাংলা’য় ‘দামা দাম মাস্ত কালান্দার’ গানটির ফিউশন পরিবেশনা দিয়ে।

একইভাবে বেবী নাজনীন শ্রোতা মনে ছাপ ফেলেছেন বেশ কিছু অনুষ্ঠানে অনিন্দ্য পরিবেশনা দিয়ে। দুই দশক পর বিটিভিতে ফিরে তিনি অংশ নিয়েছিলেন ‘প্রিয়তম একটু শোনো’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে। এ আয়োজনে তিনি গেয়েছিলেন শ্রোতাপ্রিয় গান ‘দু’ চোখে ঘুম আসে না’, ‘কাল সারারাত’, ‘মধুচন্দ্রিমা এই রাতে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘দারুণও বরষায় নদী’, ‘প্রিয়তম একটু শোনো’ ও ‘বন্ধু তুমি কই’। নতুন করে গাওয়া এই গানগুলো অনেকে দীর্ঘদিনের সংগীত তৃষ্ণা মিটিয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম