শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিমান থেকে নামতেই শোনার ক্ষমতা হারান অলকা, গানও গাইতে পারছেন না

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিমান থেকে নামতেই শোনার ক্ষমতা হারান অলকা, গানও গাইতে পারছেন না

বলিউডের কিংবদন্তি কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। যার কণ্ঠে চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য সুপারহিট গান উপহার পেয়েছে শ্রোতারা। দীর্ঘদিন ধরেই আছেন গানের জগতের বাইরে। একসময় যার কণ্ঠে রাজত্ব করত বলিউড, সেই গায়িকার সংগীতযাত্রা হঠাৎ করেই থমকে যায় ২০২৪ সালে।

সে সময় নিজেই এক বিবৃতিতে জানান, হঠাৎ করেই তিনি শ্রবণশক্তি হারিয়েছেন। চিকিৎসকদের মতে, একটি ভাইরাল সংক্রমণের কারণে তিনি বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন। এর ফলে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাধ্য হয়ে গান গাওয়া থেকে বিরতি নিতে হয় তাঁকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান শিল্পী জানিয়েছেন, এখনো তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। নিয়মিতভাবে গান গাওয়ার মতো অবস্থায় তিনি এখনো ফিরতে পারেননি। যদিও সুরকার ও গীতিকারদের কাছ থেকে নিয়মিত প্রস্তাব পাচ্ছেন, তবুও সেসব আহ্বানে সাড়া দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

২০২৪ সালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে অলকা ইয়াগনিক বলেন, ‘বিমান থেকে নামার পর হঠাৎই অনুভব করি, কানে কিছুই শুনতে পাচ্ছি না। পরে চিকিৎসকের কাছে গেলে জানা যায়, ভাইরাসজনিত একটি বিরল স্নায়বিক সমস্যার কারণেই এমনটা হয়েছে।’

এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েছিলেন তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী। তবে নিজের এই কঠিন সময়েও সচেতনতার বার্তা দিতে ভোলেননি তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মকে সতর্ক করে তিনি বলেছেন—অতিরিক্ত উচ্চ শব্দ থেকে দূরে থাকতে এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করতে।

এদিকে, সম্প্রতি তাঁর জন্মদিনে জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভক্তরাও অপেক্ষায় আছেন, আবার কবে প্রিয় কণ্ঠে নতুন গান শুনতে পাবেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম