বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে
ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমার টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। মাত্র ৩০ সেকেন্ডের টিজার হলেও এর কিছু দৃশ্য নিয়ে ইতোমধ্যেই তুলনা টানা হচ্ছে ২০২৪ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘দ্য গট লাইফ’এর সঙ্গে।
সম্প্রতি প্রকাশিত ‘দম’ সিনেমার টিজারে মরুভূমির মতো প্রেক্ষাপট, চরিত্রের ক্লান্ত-অবসন্ন চেহারা, নির্জনতা এবং বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে কয়েকটি দৃশ্য দেখা যায়। এই দৃশ্যগুলোর কিছু সিক্যুয়েন্স অনেক দর্শকের কাছে মালয়ালম সিনেমা ‘দ্য গোট লাইফ’-এর নির্দিষ্ট কিছু মুহূর্তের সঙ্গে বেশ মিল মনে হয়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য গোট লাইফ’ সিনেমাটি মূলত এক প্রবাসী শ্রমিকের কঠিন জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন।
মরুভূমিতে এক শ্রমিকের বন্দিদশা, বেঁচে থাকার লড়াই এবং মানসিক যন্ত্রণার চিত্রায়ণ সিনেমাটিকে আন্তর্জাতিকভাবেও আলোচনায় নিয়ে আসে। অন্যদিকে ‘দম’ সিনেমার টিজারে যে ধরনের নির্জন পরিবেশ, ধুলোমাখা চরিত্রের উপস্থিতি এবং টিকে থাকার তীব্র লড়াইয়ের ইঙ্গিত দেখা যায়, তা অনেক দর্শকের মনে ‘দ্য গোট লাইফ’-এর দৃশ্যের স্মৃতি জাগিয়েছে। বিশেষ করে মরুভূমির প্রেক্ষাপটে চরিত্রের হাঁটতে থাকা বা ক্লান্ত শরীরের কিছু শট নিয়ে সামাজিক মাধ্যমে তুলনা করা হচ্ছে।
তবে চলচ্চিত্র বিশ্লেষকদের একটি অংশ বলছেন, টিজারের কয়েকটি দৃশ্যের ভিজ্যুয়াল মিল থাকলেই সেটিকে সরাসরি অনুকরণ বলা ঠিক নয়। অনেক সময় একই ধরনের গল্প বা পরিবেশকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রে দৃশ্যগত মিল দেখা যেতেই পারে। পুরো সিনেমা মুক্তির আগে এমন মন্তব্য করা অনেক ক্ষেত্রেই তাড়াহুড়া হয়ে যায় বলেও মনে করছেন তারা।
এদিকে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরাবরই জানিয়ে আসছে ‘দম’ সিনেমা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এটি অন্য কোনো সিনেমার অনুকরণে নয়, কপিও নয়। পুরোপুরি মৌলিক গল্পের সিনেমা। ‘দ্য গোট লাইফ’ সঙ্গে মিল-অমিল নিয়ে কথা হয় দমের নির্মাতা রেদোয়ান রনির সঙ্গে তিনি বলেন, দমের গল্প পুরোপুরি মৌলিক। যারা ৩০ সেকেন্ডের টিজারে এটার সঙ্গে মালয়ালম সিনেমার মিল খুঁজছেন বা পাচ্ছেন তাদের বলব গল্পের দিক থেকে কোনো মিল নেই। পৃথিবীর সব মরুভূমি দেখতে একই রকম, তাই অনেকের কাছে এটা সাদৃশ্য লাগতে পারে। কিন্তু সিনেমায় বিন্দুমাত্র মিল নেই।
দম যে দ্য গোট লাইফের অনুকরণে নির্মিত হয়নি তার একটা সুন্দর ব্যাখ্যা দেন এই নির্মাতা। সে ব্যাখায় উঠে আসে কিছু তথ্য। তা হচ্ছে, দম সিনেমার প্রথম ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। তারও আগ থেকেই গল্প ও প্রিপ্রোডাকশনের কাজ চলে আসছিল সিনেমাটির। আর মালয়লাম সিনেমা ‘গোট লাইফ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৮ মার্চ। বিষয়টিতে মনোযোগ দিলেই বুঝতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
তবে দম সিনেমার ৩০ সেকেন্ডের টিজার জানিয়ে দিয়েছে সিনেমাটি আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছেন নির্মাতা। ফলে দর্শকদের কৌতূহলও বেড়েছে। এবার ঈদে মুক্তির পর পুরো সিনেমা দেখেই বোঝা যাবে গোট লাইফের সঙ্গে এই তুলনা কতটা সত্য, আর কতটা মিথ্যা।