বিনোদন ডেস্ক | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে
মার্ভেল ভক্তদের অপেক্ষার প্রহর যেন এবার সত্যিই শেষ হতে চলেছে। বহু দিন ধরেই গুঞ্জন চলছিল, পরিচালক রায়ান কুগলার কি ফিরছেন ‘ব্ল্যাক প্যান্থার’-এর নতুন সিকুয়েল নিয়ে? অবশেষে সেই জল্পনায় আগুন দিয়েই কুগলার নিজেই জানালেন, তাঁর পরবর্তী চলচ্চিত্র হতে পারে ‘ব্ল্যাক প্যান্থার ৩’।
যদিও মার্ভেল স্টুডিওর প্রচলিত গোপনীয়তা বজায় রেখে স্পষ্ট ঘোষণা দেননি তিনি, তবু তাঁর দেহভঙ্গি, হাসি, কথার ঝাঁঝ, সবই ইঙ্গিত করছে, ওয়াকান্ডার অভিযাত্রা আবার শুরু হচ্ছে বড় পর্দায়। সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে একটিমাত্র তথ্যের মাঝে, এই ছবির মাধ্যমেই নাকি মার্ভেল ইউনিভার্সে পা রাখতে পারেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা ডেনজেল ওয়াশিংটন!
কিছুদিন আগেই ডেনজেল জানিয়েছেন, কুগলার তাঁর জন্য একটি চরিত্র লিখছেন। পরে এক অনুষ্ঠানে পরিচালকের সামনে একই প্রশ্ন তুলতেই তিনি মুচকি হেসে বললেন, ‘আমি পুরোপুরি না বলছি না, আবার হ্যাঁ-ও বলছি না… তবে হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করছি। এটিই আমাদের পরের ছবি হতে পারে।’ এতেই ভক্তদের উত্তেজনা চরমে পৌঁছেছে। কেমন হবে তাঁর চরিত্র, ভিলেন, অভিভাবক, নাকি সম্পূর্ণ নতুন কোনো ঐতিহাসিক ওয়াকান্দান? এ নিয়ে মার্ভেল দুনিয়ায় তীব্র জল্পনা।
২০১৮ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা শুধু মার্ভেলের আরেকটি সাফল্য ছিল না, এটি হয়ে উঠেছিল বৈশ্বিক সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। আফ্রো-ফিউচারিস্টিক ডিজাইন, ওয়াকান্ডার রাজনীতি, কালো মানুষের ক্ষমতায়নের বার্তা এবং সর্বোপরি চ্যাডউইক বোসম্যানের অনবদ্য টি’চালা। সিনেমাটি ইতিহাসে নিজের জায়গা তৈরি করে নেয়। ২০২০ সালে চ্যাডউইকের মৃত্যু শুধু হলিউড নয়, গোটা পৃথিবীকেই স্তম্ভিত করেছিল। তাঁর অনুপস্থিতিতে কুগলারের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ তবু ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এ পরিচালক নতুন দিক দেখিয়েছেন। শুরি (লেটিশিয়া রাইট) এগিয়ে এসে ভাইয়ের উত্তরাধিকার রক্ষা করেন; ছবিটি বেদনা, সম্মান এবং পুনর্গঠনের এক আবেগঘন যাত্রা। এখন মার্ভেল ইউনিভার্স আরও বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
একদিকে পরিস্থিতি বদলেছে বক্স অফিসে, অন্যদিকে কমিক-বইয়ের নতুন গল্পগুলো চলচ্চিত্রে আসছে পর্যায়ক্রমে। এই প্রেক্ষাপটে ‘ব্ল্যাক প্যান্থার ৩’ শুধু একটি সিকুয়েল নয়, এটি হতে পারে মার্ভেলের নতুন যুগের ভিত্তি। ডেনজেলের অংশগ্রহণের খবর প্রচার হতেই ফ্যান-থিওরি ঘুরছে। তিনি কি হবেন নতুন ওয়াকান্ডান কিংডম গার্ডিয়ান? নাকি কোনো পুরাণভিত্তিক ক্ষমতাধারী? কিংবা মার্ভেলের পরবর্তী মেগা– ভিলেন? মার্ভেল অবশ্য চুপ। তাদের নীরবতা বরাবরই আরও জল্পনা জাগায়।
সব মিলিয়ে, ‘ব্ল্যাক প্যান্থার ৩’ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। কবে ঘোষণা আসবে, কবে শুটিং শুরু, কাকে দেখা যাবে কোন চরিত্রে– সব প্রশ্নেই রহস্য জিইয়ে রেখেছে স্টুডিও। তবে নিশ্চিত একটাই ওয়াকান্ডার গল্প থামছে না। ওয়াকান্ডা ফিরছেই। আর এবার হয়তো আরও বড় পরিসরে।