বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) জন্য দল কিনেছে দেশের অন্যতম কসমেটিকস ও হোম কেয়ার কম্পানি রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির অন্যতম মালিকানায় রয়েছেন দেশের চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। আজ তিনিই নিজের প্রতিষ্ঠানের ক্রিকেট দলের নাম ও লোগো উন্মোচন করেন।
বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার্ক-হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর নায়ক মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।
এ সময় শাকিব খান বলেন, ‘আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।’
আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। ফলে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ‘ঢাকা ক্যাপিটালস’-এর প্রতি বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।