ডেস্ক রিপোর্ট | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ইতিহাস গড়েছে এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। জ্যামাইকা কিংসমেনের দেওয়া ১৭১ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে পেরিয়ে প্রথমবারের মতো সিপিএলের শিরোপা জিতেছে দলটি। একই সঙ্গে ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে এন্টিগা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জ্যামাইকার। ৩০ রানের মধ্যেই ২ উইকেট হারায় তারা। এরপর সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে দলের ইনিংস সামাল দেন মাজ সাদাকাত। দুজন মিলে গড়েন ৮০ রানের গুরুত্বপূর্ণ জুটি।
সাইম ২৯ রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে জ্যামাইকা। একপর্যায়ে ১২৭ রানে ৭ উইকেট হারালেও সাদাকাতের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পায় তারা।
মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাদাকাত। শেষ পর্যন্ত ৫৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষের আগের বলে আউট হন এই ব্যাটার। তাঁর বাইরে জ্যামাইকার আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১২ রান।
এন্টিগার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।
১৭১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে এন্টিগা। রাকিম কর্নওয়াল প্রথম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ২০ রান করেন। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা।
এরপর এভিন লুইস ও এএ জাঙ্গু ৬৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। লুইস ৩৮ রানে আউট হলেও থামেনি এন্টিগার দাপট।
জাঙ্গুর সঙ্গে যোগ দেন হাসান নওয়াজ। দুজনের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এন্টিগা। জাঙ্গু ৩৪ বলে ৫৭ এবং নওয়াজ ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন।
১৭তম ওভারের চতুর্থ বলে নওয়াজ ছক্কা হাঁকিয়ে এন্টিগার ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। ১৭৩ রান তুলে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন সুফিয়ান মুকিম। আর পুরো টুর্নামেন্টে ১৩২ রান ও ১১ উইকেট নিয়ে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের শাদাব খান।