শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইংল্যান্ডের ইতিহাসে নতুন কীর্তি, পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইংল্যান্ডের ইতিহাসে নতুন কীর্তি, পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ

এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টেও দাপুটে জয় তুলে নিয়ে ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।

চতুর্থ দিনে শনিবার প্রথম সেশনেই ১৩০ রানের লক্ষ্য টপকে ৮ উইকেটে জয় পায় স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও জো রুট ও জর্ডান কক্সের অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই ছিল ইংল্যান্ডের আধিপত্য। প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র ১৩৩ রানে অলআউট করে স্বাগতিকরা তোলে ৪৫৩ রান। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪৪৯ রান করলেও ইংল্যান্ডের জয়ের পথ আটকাতে পারেনি।

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর লর্ডসে দ্বিতীয় টেস্টে জয় পায় ১৯৪ রানে। শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল ইংলিশরা।

সিরিজজুড়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা জো রুট শেষ টেস্টেও ফিফটি করে অপরাজিত থাকেন। ৮টি চারের সাহায্যে ৬২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক।

অন্যদিকে সিরিজে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন জর্ডান কক্স। ৮টি চারে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। রুটের সঙ্গে তার ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটিই ইংল্যান্ডকে জয় এনে দেয়।

প্রথম ইনিংসে ৬৫ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান ড্যান লরেন্স। সিরিজসেরার পুরস্কার যৌথভাবে জেতেন পাকিস্তানের মোহাম্মাদ আব্বাস ও ইংল্যান্ডের অলি রবিনসন।

১৩০ রানের লক্ষ্য তাড়ায় প্রথম বলেই কট বিহাইন্ড হয়ে ফেরেন বেন ডাকেট। ওভারের শেষ বলে মোহাম্মাদ আব্বাস এলবিডব্লিউ করেন এমিলিও গেকে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।

এরপর দলের হাল ধরেন রুট ও কক্স। রাজাউল্লাহকে পরপর দুটি চার মেরে আক্রমণাত্মক শুরু করেন রুট। কক্সও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে থাকেন। প্রথম ঘণ্টায় আর কোনো উইকেট হারাতে দেননি তারা।

মোহাম্মাদ ইমরানকে চার মেরে ৫৭ বলে ফিফটি পূর্ণ করেন রুট। এরপর সাইম আইয়ুবকে বাউন্ডারি হাঁকিয়ে ৬৮ বলে পঞ্চাশের ঘরে পৌঁছান কক্স। এরপর আর তাদের জুটি ভাঙতে পারেনি পাকিস্তানের বোলাররা।

শেষ পর্যন্ত ২৫তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। এর মধ্য দিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ইতিহাস গড়ল ইংলিশরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম