ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
আবারও নিলামে উঠছে ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে আলোচিত পোশাকগুলোর একটি—প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’। ঐতিহাসিক এই কালো পোশাকটির দাম নিলামে প্রায় ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোদেবিস জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত বিশেষ নিলামে তোলা হবে পোশাকটি। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ান নকশা করা কাঁধখোলা কালো রেশমের এই পোশাকটি ফ্যাশন দুনিয়ায় আজও অন্যতম আইকনিক সৃষ্টি হিসেবে বিবেচিত।
ঘটনাটি ১৯৯৪ সালের ২০ নভেম্বরের। তৎকালীন ব্রিটিশ যুবরাজ এবং বর্তমানে রাজা তৃতীয় চার্লস এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় কামিলা পার্কার বোলসের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন।
সেই বিতর্কের রাতেই লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে ভ্যানিটি ফেয়ারের একটি চ্যারিটি ডিনারে হাজির হন ডায়ানা। রাজকীয় রীতিনীতি উপেক্ষা করে তিনি পরেছিলেন আকর্ষণীয় কালো পোশাক, সঙ্গে ছিল রাজকীয় গয়না ও কালো হিল।
একটি ভিনটেজ জ্যাগুয়ার থেকে কালো ক্লাচ হাতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে নামার সেই ছবি মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলে। পরদিন ফ্যাশন ও বিনোদনমাধ্যমগুলো পোশাকটির নাম দেয় ‘রিভেঞ্জ ড্রেস’।
এরপর থেকেই প্রতিকূল পরিস্থিতিতে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ধরে রাখার প্রতীক হয়ে ওঠে ডায়ানার এই পোশাক। ফ্যাশন ইতিহাসেও এটি জায়গা করে নেয় অন্যতম স্মরণীয় ‘স্টেটমেন্ট ড্রেস’ হিসেবে।
সোদেবিসের হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের বিশ্বপ্রধান মরগান হালিমি বলেন, ভাষা যখন ব্যর্থ হয়, তখন ফ্যাশনই ভাষা হয়ে উঠতে পারে। ডায়ানা সেই বিষয়টি অসাধারণভাবে বুঝতেন। তাঁর মতে, রাজপরিবারের তীব্র মানসিক চাপ ও কঠোর নজরদারির মধ্যেও এই পোশাকের মাধ্যমে ডায়ানা নিজের গল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছিলেন।
সোদেবিস জানিয়েছে, ১৯৯৭ সালে ডায়ানা ৭৯টি বিলাসবহুল গাউন নিলামে তুলেছিলেন। ক্যান্সার ও এইডস আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত সেই নিলামে ‘রিভেঞ্জ ড্রেস’টিও বিক্রি হয়েছিল।
ডায়ানার মৃত্যুর মাত্র দুই মাস আগে শেষবারের মতো নিলামে ওঠা ঐতিহাসিক পোশাকটি এরপর প্রায় তিন দশক জনসাধারণের আড়ালে ছিল। এবার ফের আন্তর্জাতিক নিলামের মঞ্চে ফিরছে সেই পোশাক—যা আজও রাজপরিবারের এক আলোচিত অধ্যায়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।
সূত্র: বিবিসি