ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
গোলরক্ষক হয়েও জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচিয়েছেন রোনাল্ড কোমান জুনিয়র। ডাচ লিগ এরেডিভিজির ম্যাচে তাঁর দুই পেনাল্টি গোলে কামবুরের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে টেলস্টার। একই সঙ্গে এক ম্যাচে একাধিক গোল করা প্রথম গোলকিপার হিসেবে ডাচ লিগে ইতিহাস গড়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচের ২২ মিনিটেই বিপদে পড়ে টেলস্টার। ফরোয়ার্ড নকভি থেইর থোরিসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। একজন কম নিয়েও প্রথমার্ধে কামবুরকে গোল করতে দেননি কোমান জুনিয়র।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় কামবুর। দুই গোলে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি টেলস্টার।
৬৩ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। গোল করার দায়িত্ব নেন গোলকিপার কোমান জুনিয়র। স্পটকিক থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান তিনি।
ম্যাচের যোগ করা সময়ের ১১ মিনিটে আবারও পেনাল্টি পায় টেলস্টার। এবারও স্পটকিক নিতে এগিয়ে আসেন কোমান। দ্বিতীয়বারও সফল হয়ে দলকে ২-২ সমতায় ফেরান তিনি।
শেষ পর্যন্ত তাঁর জোড়া গোলেই হার এড়ায় টেলস্টার।
ডাচ ফুটবল কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোমানের ছেলে কোমান জুনিয়র। বাবা রোনাল্ড কোমানও ডিফেন্ডার হয়েও ফ্রি-কিক ও পেনাল্টি থেকে নিয়মিত গোল করতেন।
গোলকিপার হিসেবে গোল করার ক্ষেত্রে বিশ্ব ফুটবলে ব্রাজিলের রজেরিও চেনি ও প্যারাগুয়ের হোসে লুইস চিলাভার্টের মতো কিংবদন্তিদের নাম রয়েছে। চেনি ক্যারিয়ারে ১২৯ গোল করে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। তবে ডাচ লিগে এক ম্যাচে জোড়া গোল করা গোলকিপার হিসেবে কোমান জুনিয়রের কীর্তি নিঃসন্দেহে ব্যতিক্রমী।