ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বিটকয়েন নিয়ে এল সালভাদরের পদক্ষেপে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এরই মধ্যে দেশটির ব্যয়সংকোচনমূলক অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় প্রায় ১৪ কোটি ডলার নতুন অর্থায়নের প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইএমএফ জানায়, এল সালভাদর সরকার নিশ্চিত করেছে—সম্প্রতি দেশটির কেনা বিটকয়েনের অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় করা হয়নি। এসব কেনাকাটার অর্থ এসেছে ব্যক্তিগত অনুদান থেকে। এই নিশ্চয়তার পরই নতুন অর্থ ছাড়ের বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় আইএমএফ।
চুক্তি অনুযায়ী, ৪০ মাস মেয়াদি ঋণ কর্মসূচির দ্বিতীয় ও তৃতীয় পর্যালোচনা একসঙ্গে করা হবে। তবে অর্থ ছাড়ের আগে আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন এবং নির্ধারিত কিছু পূর্বশর্ত পূরণ করতে হবে।
প্রেসিডেন্ট নাইব বুকেলের নেতৃত্বে এল সালভাদর ১৪০ কোটি ডলারের আইএমএফ ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার পর থেকেই বিটকয়েন ইস্যুটি বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। কর্মসূচির শর্ত হিসেবে দেশটিকে বিটকয়েন নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম সীমিত করার প্রতিশ্রুতিও দিতে হয়েছিল।
আইএমএফ বলেছে, নথিভুক্ত অনুদানের বাইরে এল সালভাদরের আর কোনো অতিরিক্ত বিটকয়েন কেনার প্রত্যাশা করা হচ্ছে না।
অর্থনীতিতেও আশাবাদী আইএমএফ
বিটকয়েন ইস্যুর পাশাপাশি এল সালভাদরের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও ইতিবাচক মূল্যায়ন করেছে আইএমএফ। সংস্থাটির মতে, কয়েক বছর ধীরগতির অর্থনীতির পর দেশটির অর্থনীতি এখন শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াচ্ছে।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে এল সালভাদরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে। বিনিয়োগ, ভোক্তা ব্যয়, প্রবাসী আয়, পর্যটন এবং দেশে পুঁজি প্রবাহ এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে বলে মনে করছে সংস্থাটি।
উন্নত নিরাপত্তাব্যবস্থা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় সরকারের প্রশংসাও করেছে আইএমএফ। সংস্থাটির দাবি, চলমান অর্থনৈতিক কর্মসূচির ফলে দেশটিতে দারিদ্র্যের হারও উল্লেখযোগ্যভাবে কমছে।
ব্যয়সংকোচনে চাকরি হারাচ্ছেন সরকারি কর্মীরা
তবে আইএমএফের ব্যয়সংকোচনমূলক নীতির চাপ পড়েছে সরকারি চাকরিতে। অর্থনীতিবিদদের ধারণা, প্রায় ৬০ লাখ জনসংখ্যার দেশটিতে ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার সরকারি কর্মী চাকরি হারিয়েছেন।
অন্যদিকে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, ২০১৯ সালে নাইব বুকেলে ক্ষমতায় আসার পর থেকে সরকারি চাকরি হারিয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ।
মধ্য আমেরিকার দেশ এল সালভাদর বিটকয়েনকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনায় এলেও বর্তমানে আইএমএফের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় দেশটির সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারও নতুন করে নজর কেড়েছে।
সূত্র: এএফপি