ডেস্ক রিপোর্ট | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিতদের ক্ষেত্রে নতুন এ হার ২০২৬ সাল থেকে পরবর্তী তিন বছর কার্যকর থাকবে।
নতুন নিয়মে, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে। পাশাপাশি উভয় শ্রেণির শিক্ষার্থীদের বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে।
গত ২৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর এ হারে বৃত্তি দেওয়া হবে।
বৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি বজায় রাখতে হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে।
বৃত্তির অর্থ জিটুপি (G2P) বা ইএফটি (EFT) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এজন্য অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নামে হিসাব খুলতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বৃত্তির অর্থ সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন অর্থাৎ প্রতিবছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে।
বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ভুল বা ত্রুটি ধরা পড়লে তা সংশোধন, বাতিল কিংবা প্রয়োজন অনুযায়ী পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে থাকবে।