শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইনজুরি টাইমে জোড়া গোলে হার এড়াল পিএসজি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইনজুরি টাইমে জোড়া গোলে হার এড়াল পিএসজি

লিগে টানা দ্বিতীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে হার এড়াল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে লিলের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-০ গোলে পিছিয়ে ছিল লুইস এনরিকের দল। তবে ইনজুরি টাইমে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে নাটকীয়ভাবে সমতা ফেরায় তারা।

ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই পিএসজির হয়ে ব্যবধান কমান ভিতিনহা। এরপর চার মিনিটের ব্যবধানে অধিনায়ক মার্কিনিয়োসের গোলে সমতায় ফেরে বর্তমান ফরাসি চ্যাম্পিয়নরা। ফলে শেষ বাঁশির আগে ২-০ থেকে ম্যাচের স্কোর হয়ে যায় ২-২।

নতুন মৌসুমের লিগে টানা দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে ড্র করল পিএসজি। মৌসুমের প্রথম ম্যাচেও রেনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে ২-২ গোলে ম্যাচ শেষ করেছিল তারা।

পরপর দুই ম্যাচে দলের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতায় সন্তুষ্ট কোচ লুইস এনরিকে। তার মতে, গত তিন বছরে পিএসজির অন্যতম বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে শেষ মুহূর্তে ম্যাচে ফেরার সামর্থ্য।

এনরিকে বলেন, “গত তিন বছর ধরে এটাই এই দলের বৈশিষ্ট্য। সবাই যখন মনে করে আমরা শেষ, তখনই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে।”

লিলের বিপক্ষে নিজেদের আরও বেশি প্রাপ্য ছিল বলেও মনে করেন পিএসজি কোচ। তবে সুযোগ কাজে লাগাতে না পারলে ফুটবলে ফল নিজেদের পক্ষে আসে না বলেও স্বীকার করেছেন তিনি।

“আমরা এই ফলের চেয়েও বেশি কিছু প্রাপ্য ছিলাম। কিন্তু এটাই ফুটবল। ফুটবল সব সময় ন্যায্য হয় না, গোল করতে হয়। তবে এই এক পয়েন্ট আমরা প্রাপ্য,” বলেন এনরিকে।

দুই ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশনে পিএসজির শুরুটা অবশ্য আশানুরূপ হয়নি। তবে এনরিকে মনে করিয়ে দিয়েছেন, গত মৌসুমে রেন ও লিলের মাঠে পাওয়া ফলের তুলনায় এবার দুই ম্যাচে দল এক পয়েন্ট বেশি পেয়েছে।

তবে তাতেও সন্তুষ্ট নন পিএসজি কোচ। তার মতে, দল এখনও সেরা ছন্দে ফিরতে পারেনি এবং আরও উন্নতি প্রয়োজন।

এনরিকে বলেন, “আমরা চেষ্টা করছি ইতিবাচক থাকতে। তবে পরিষ্কারভাবেই আমাদের উন্নতি করতে হবে। আরও ভালো মানের ফুটবল খেলতে হবে। আজ দল শেষ মিনিট পর্যন্ত লড়াই করার সামর্থ্য দেখিয়েছে।”

আগামী শুক্রবার পার্ক দে প্রাঁসে মোনাকোর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে লিগে সেটিই হবে তাদের শেষ ম্যাচ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম