ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
দেউলিয়া হয়ে ১৫ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পর্তুগিজ ক্লাব এস্ত্রেলা দা অ্যামাদোরা এখন দেশটির শীর্ষ ফুটবল লিগে। হারিয়ে যাওয়া সেই ক্লাবের পুনর্জাগরণের গল্পে এবার যুক্ত হলো চমকপ্রদ নতুন অধ্যায়। তিন বিশ্বকাপজয়ী তারকাসহ চার ফুটবলার মিলে কিনে নিয়েছেন ক্লাবটির ৯০ শতাংশ শেয়ার।
আন্তর্জাতিক কনসোর্টিয়ামের হয়ে এই বিনিয়োগে আছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী টমাস মুলার ও ম্যাটস হুমেলস, ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী লুকাস এরনঁদেজ এবং সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমের।
মঙ্গলবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এস্ত্রেলা দা অ্যামাদোরা। সাবেক মালিক ও সভাপতি পাউলো লোপোর কাছ থেকে ৪ কোটি ইউরোতে ৯০ শতাংশ শেয়ার কিনেছে কনসোর্টিয়ামটি। অথচ ২০২০ সালে মাত্র ৭২ হাজার ইউরোতে ক্লাবটির মালিকানা নিয়েছিলেন লোপো।
কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছে ‘অ্যাডভান্টেজ’ ও ‘লিড’ গ্রুপ। তাদের সঙ্গে বিনিয়োগে যুক্ত আছে ‘কেআই’ গ্রুপও।
চার বিনিয়োগকারীর মধ্যে বায়ার্ন মিউনিখের যোগসূত্রও রয়েছে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চারজনই জার্মান ক্লাবটির হয়ে খেলেছেন। মুলার বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্যানকুভার হোয়াইটক্যাপসে খেলছেন। এরনঁদেজ আছেন পিএসজিতে।
হুমেলস ২০২৫ সালে অবসর নেওয়ার আগে বায়ার্ন ও বরুশিয়া ডর্টমুন্ডে দুই দফায় মোট ১৮ বছর খেলেছেন। পরে রোমায় এক মৌসুম কাটিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।
অন্যদিকে, বায়ার্ন ও ইন্টার মিলানের হয়ে খেলা ইয়ান সমের বর্তমানে ক্লাব ব্রুগের গোলপোস্ট সামলাচ্ছেন। ৩৭ বছর বয়সী এই গোলকিপার সুইজারল্যান্ডের হয়ে খেলেছেন ৯৪টি ম্যাচ এবং তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন।
দেউলিয়া থেকে শীর্ষ লিগে
১৯৩২ সালে প্রতিষ্ঠিত এস্ত্রেলা দা অ্যামাদোরা ২০১১ সালে দেউলিয়া হয়ে বিলুপ্ত হয়ে যায়। প্রায় এক দশক পর, ২০২০ সালে সিন্ত্রার সঙ্গে একীভূত হয়ে নতুনভাবে পথচলা শুরু করে ক্লাবটি।
তৃতীয় বিভাগ থেকে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে দ্রুতই সাফল্য পায় এস্ত্রেলা। মাত্র কয়েক বছরের ব্যবধানে ২০২৩ সালে জায়গা করে নেয় পর্তুগালের শীর্ষ লিগে।
এবার তিন বিশ্বকাপজয়ীসহ চার তারকা ফুটবলারের মালিকানায় ক্লাবটির লক্ষ্য আরও বড়। নতুন বিনিয়োগে লিসবনের উপকণ্ঠের এস্ত্রেলা দা অ্যামাদোরা ইউরোপীয় ফুটবলে নিজেদের নতুন পরিচয় গড়তে পারে কি না, সেটিই এখন দেখার।