শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এক শতাংশ জমিতে ৫ ফুট চওড়া বাড়ি, দেখতে ভিড়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক শতাংশ জমিতে ৫ ফুট চওড়া বাড়ি, দেখতে ভিড়

কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই গ্রামে মাত্র এক শতাংশ জমির ওপর পাঁচ ফুট চওড়া ও ৮৫ ফুট লম্বা একটি ব্যতিক্রমী বাড়ি নির্মাণ করেছেন সৌদি আরবপ্রবাসী মো. শাহজালাল। আকারে ছোট হলেও বাড়িটিতে রয়েছে রান্নাঘর, শোবার ঘর, খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখার স্থান, পানি উত্তোলনের ব্যবস্থা এবং শৌচাগার। সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়িটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই এটি দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক মানুষ।

স্থানীয় সূত্র জানায়, যে জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে, সেখানে আগে একটি নিচু ডোবা ছিল। জায়গাটি ভরাট করে চলতি বছরের জুন মাসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে টিনের ছাউনি ও টিনের বেড়া দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়। বর্তমানে এটিই শাহজালাল পরিবারের একমাত্র বসতঘর।

সরেজমিনে দেখা যায়, ঘরের সামনের অংশে রয়েছে রান্নাঘর। এরপর খাবার রাখার ও খাওয়ার জায়গা। মাঝামাঝি অংশে একটি ছোট চৌকিসহ শোবার কক্ষ। আরও ভেতরে রয়েছে কাপড় রাখার আলমারি ও ওয়্যারড্রোবের স্থান। একেবারে শেষ প্রান্তে রয়েছে পানি উত্তোলনের মোটর ও একটি শৌচাগার।

শাহজালালের স্ত্রী খাদিজা আক্তার জানান, ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়। সে সময় শাহজালাল দেশে মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পারিবারিক জটিলতা ও জমি-সংক্রান্ত মামলার কারণে পৈতৃক বাড়িতে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব হয়নি। দীর্ঘদিন আত্মীয়-স্বজনের বাড়িতে, এমনকি কখনো খোলা আকাশের নিচেও দিন কাটাতে হয়েছে তাঁদের।

তিনি আরও জানান, ২০২০ সালে শাহজালাল সৌদি আরবে যাওয়ার পর তাঁর পাঠানো অর্থে অবশেষে এই ছোট্ট বাড়িটি নির্মাণ করা সম্ভব হয়। বর্তমানে তিনি দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সেখানেই বসবাস করছেন।

প্রতিবেশী মো. রিয়াজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পরিবারটির নিজের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। অনেক কষ্টের পর তারা মাথা গোঁজার একটি ঘর পেয়েছে। ছোট হলেও এটি তাদের জন্য নিরাপদ আশ্রয় ও স্বস্তির জায়গা।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জাহানারা আক্তার বলেন, এলাকায় জমির দাম অনেক বেশি হওয়ায় সীমিত আয়ের মানুষের পক্ষে বড় জায়গা কেনা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে অল্প জায়গার মধ্যেই পরিবারের জন্য এই ব্যতিক্রমী বসতঘর নির্মাণ করেছেন শাহজালাল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম