শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যে সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

সময়টা ২০২০ সালের ডিসেম্বর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও জুভেন্টাস। এরপর কেটে গেছে দীর্ঘ ছয়টি বছর। আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি দেখা হয়নি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই দ্বৈরথ দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। সমর্থকদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে এবারের বিশ্বকাপে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভিন্ন গ্রুপে থাকলেও নকআউট পর্বে তৈরি হতে পারে মেসি-রোনালদো মহারণ। তবে সেজন্য মেলাতে হবে তিনটি জটিল সমীকরণ।

এবারের ২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। যেখানে মেসি-আলভারেজদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে ‘কে’ গ্রুপে। ব্রুনো-রোনালদোদের লড়তে হবে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিরুদ্ধে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউটে মূলত তিনটি সম্ভাব্য পরিস্থিতিতে মুখোমুখি হতে পারেন এই দুই মহাতারকা।

১. কোয়ার্টার ফাইনালে মহারণ: যদি আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয় তাহলে তারা টুর্নামেন্টের একই দিকের নকআউট ব্র্যাকেটে চলে যাবে। এরপর দুই দলই যদি নিজেদের ‘রাউন্ড অব ৩২’ এবং ‘রাউন্ড অব ১৬’ এর ম্যাচগুলোয় জয় পায়, তবে কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে মেসি বনাম রোনালদো মহারণ।

২. শেষ ষোলোতেই দেখা!: যদি আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই নিজ নিজ গ্রুপে রানার্স-আপ হিসেবে নকআউটে ওঠে তাহলেও তাদের দেখা হওয়ার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল নয়, সমীকরণ অনুযায়ী সরাসরি ‘রাউন্ড অব ১৬’র লড়াইয়েই মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো। তবে টুর্নামেন্টের শক্তি বিবেচনায় এই সম্ভাবনা কিছুটা কম বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

৩. স্বপ্নের ফাইনাল দ্বৈরথ: যদি আর্জেন্টিনা ও পর্তুগালের মধ্যে যেকোনো একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্য দলটি রানার্স-আপ হিসেবে নকআউটে ওঠে, তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলের পথ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আর এই সমীকরণ মিললে মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়ার একমাত্র সুযোগ থাকবে স্বপ্নের ফাইনালে! আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ফাইনালে শিরোপার লড়াইয়ে একে অন্যের মুখোমুখি হতে পারেন এই দুই কিংবদন্তি।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে থাকা দুই মহাতারকার জন্যই এটি সম্ভবত শেষ বিশ্বকাপ। তাই শেষবারের মতো বিশ্বমঞ্চে মেসি-রোনালদো দ্বৈরথ দেখার আশায় এখন বুক বাঁধছেন কোটি কোটি ফুটবল ভক্ত।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম