শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিরাপত্তা শঙ্কা থাকলে পিএসএলে খেলবেন না মুস্তাফিজরা: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিরাপত্তা শঙ্কা থাকলে পিএসএলে খেলবেন না মুস্তাফিজরা: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরাপত্তা শঙ্কা থাকলে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেবেন না বাংলাদেশের ক্রিকেটাররা। একই সঙ্গে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার কেন নিষিদ্ধ করা হয়েছিল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

উপমহাদেশে চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে এবারের পিএসএল শুধু লাহোর ও করাচিতে দর্শকশূন্য মাঠে আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পরিস্থিতিতে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে। বিসিবি আনুষ্ঠানিকভাবে পরিস্থিতি সরকারকে জানালে এবং জাতীয় সংস্থাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণে সন্তোষজনক প্রতিবেদন পেলেই কেবল ক্রিকেটারদের পাকিস্তানে যাওয়ার অনুমতি মিলবে।

ক্রীড়া প্রতিমন্ত্রীর মতে বিসিবি নিশ্চয়তা দিলে সরকারের কোনো আপত্তি থাকবে না, ‘যদি বিসিবি আমাদের নিশ্চিত করে যে সেখানে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তারা(বিসিবি) খেলোয়াড়দের ইচ্ছাকেও গুরুত্ব দেবে, কারণ আমরা খেলাধুলাকে নিরুৎসাহিত করতে চাই না এবং আমরা চাই সবাই নিজ নিজ জায়গা থেকে খেলা চালিয়ে যাক।’

বিসিবির দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে আমিনুল হক বলেন, ‘নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে বিসিবি আমাদের সঙ্গে পরামর্শ করবে এবং যদি সবকিছু ঠিক আছে বলে তারা নিশ্চিত করতে পারে, তাহলে আমরা এগোতে(পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে) পারি।’

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের জন্য ইতোমধ্যে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। আজ পিএসএলে অংশ নিতে প্রথম ধাপে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমানসহ চারজন। আজ সকালে ঢাকা ত্যাগ করা চার ক্রিকেটার হলেন- মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন। দল পাওয়া অপর দুই ক্রিকেটার লেগ স্পিনার রিশাদ হোসেন ও ওপেনার তানজিদ হাসান তামিম পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। একই সময়ে দেশে আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘খেলাধুলাকে রাজনৈতিক করা উচিত নয়। ঈদের ছুটির পর ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে আইপিএল সম্প্রচার বন্ধের প্রকৃত কারণ জেনে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম