শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদের ছুটিতে ঢাকার আশেপাশে যেখানে যেতে পারেন

লাইফস্টাইল ডেস্ক   |   বুধবার, ১৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের ছুটিতে ঢাকার আশেপাশে যেখানে যেতে পারেন

ঈদের ছুটি শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যে ঢাকা ছেড়েছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে। অনেকে আবার ঢাকায় ঈদ করছেন। যারা ঢাকায় থাকছেন তাদের কাছে ঈদেছুটি মানেই একটু স্বস্তির নিঃশ্বাস, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো আর শহরের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি। ঈদে লম্বা ছুটি থাকলেও অনেক সময় দীর্ঘ ভ্রমণের সময় বা পরিকল্পনা সব সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে ঢাকার আশেপাশেই রয়েছে এমন কিছু দারুণ জায়গা, যেখানে অল্প সময়েই ঘুরে আসতে পারেন। প্রকৃতি, ইতিহাস কিংবা বিনোদন—সবকিছুরই সঙ্গে সময় কাটিয়ে মন হয়ে উঠবে সতেজ।

প্রকৃতির সান্নিধ্য পেতে

ঢাকার কাছেই সবুজে ঘেরা মনোরম পরিবেশ খুঁজলে প্রথমেই মনে আসে জিন্দা পার্কের নাম। গাছপালায় ঘেরা এই পার্কে পাখির ডাক আর শান্ত পরিবেশ মনকে এনে দেয় স্বস্তি। পরিবার নিয়ে পিকনিক বা নিরিবিলি সময় কাটানোর জন্য এটি বেশ জনপ্রিয়। ঢাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই সবুজ স্পটটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং নান্দনিক গ্রাম্য পরিবেশে ঘেরা। শিশু থেকে বড় সকলেই সময় কাটাতে পারে। প্রবেশমূল্য জনপ্রতি ১৫০ টাকা, শিশুদের জন্য ৫০ টাকা।

ভিন্ন স্বাদের গন্তব্য

রঙিন আর ভিন্নধর্মী ভ্রমণ চাইলে ঈদের ছুটির যে কোন দিন চলে যেতে পারেন সাদুল্লাহপুর বা গোলাপ গ্রাম। চারদিকে গোলাপের বাগান, নদীপথে যাত্রা—সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক রোমান্টিক ও ফটোজেনিক স্পট। ঢাকা থেকে নৌকায় যাওয়া যায় গ্রামটিতে। এজন্য প্রথমে মিরপুর-১ নম্বর সেকশনে গিয়ে বাস বা অটোতে উঠে বেড়িবাঁধ বোটানিক্যাল গার্ডেনের ফটকে নামতে হবে। তারপর বটতলা ঘাট থেকে নৌকায় তুরাগ পাড়ি দিয়ে নামতে হয় গ্রামের ঘাটে। চাইলে সড়কপথেও যাওয়া যায়। এ ক্ষেত্রে বিরুলিয়া ব্রিজ পার হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় তিন থেকে চার কিলোমিটার পথ পাড়ি দিলেই দেখা মিলবে গোলাপ গ্রামের।

ইতিহাসের ছোঁয়ায় ভ্রমণ
ইতিহাসপ্রেমীদের জন্য রয়েছে পানাম নগর। প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যে ভরা এই জনপদে হাঁটলে যেন ফিরে যাওয়া যায় অতীতের এক অন্য সময়ের গল্পে। সোনারগাঁওয়ের ২০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে পানাম নগরী গড়ে উঠেছে। পানাম সিটিতে প্রবেশ করতে চাইলে ২০ টাকার টিকেট কাটতে হয়। জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি লাগে ৫০ টাকা।

শহরের ভেতরেই স্বস্তি
সময় কম থাকলে ঢাকার ভেতরেই ঘুরে আসতে পারেন পুরান ঢাকার বলধা গার্ডেন। ওয়ারীতে অবস্থিত বলধা গার্ডেনের আয়তন ৩.৩৮ একর। বিরল প্রজাতির গাছপালা আর নীরব পরিবেশে এটি হতে পারে এক বিকেলের নিখুঁত অবসর। এখানে প্রবেশ মূল্য ৩০ টাকা।

মাওয়া ফেরিঘাট, মুন্সীগঞ্জ

ঈদের ছুটিতে পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে যেতে পারেন পদ্মা নদীর তীরে মাওয়া ঘাটে। ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এই স্থানটি রোড ট্রিপের জন্য আদর্শ। তাজা ইলিশ ভাজা, ভর্তা আর গরম ভাতের স্বাদ উপভোগ করতে পারেন এখানে। এছাড়া পদ্মার নির্মল বাতাস আর নদী তীরে দৃশ্য দেখার অভিজ্ঞতা তো থাকছেই।

ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাতে অনেকে গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন রিসোর্ট বেছে নেন। পাশাপাশি বিনোদনের খোঁজে তরুণদের ভিড় জমে ফ্যান্টাসি কিংডম ও ড্রিম হলিডে পার্কের মতো থিম পার্কে।

ঈদের ছুটি মানেই যে দূরে কোথাও যেতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঢাকার আশেপাশেই রয়েছে এমন অনেক গন্তব্য, যেখানে অল্প সময়েই পাওয়া যায় ভিন্ন এক আনন্দ। সঠিক পরিকল্পনা আর সময় নিয়ে এসব জায়গায় বেড়াতে গেলে ছুটির দিনগুলো হয়ে উঠবে প্রাণবন্ত।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম