খেলাধুলা ডেস্ক | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে
নিরাপত্তা শঙ্কায় অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া ইরানের নারী ফুটবল দলের সদস্যরা একে একে দেশে ফিরতে শুরু করেছেন। নতুন করে আরও তিন সদস্য সিদ্ধান্ত বদলে মাতৃভূমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে দেশটিতে এখন আশ্রিত অবস্থায় রয়েছেন দলটির মাত্র তিন সদস্য। রোববার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত মাসে নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল ইরানের ২৬ সদস্যের ফুটবল দল। টুর্নামেন্ট চলাকালেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পর অস্ট্রেলিয়া তাদের আশ্রয়ের (অ্যাসাইলাম) প্রস্তাব দেয়। সেই আহ্বানে সাড়া দিয়ে শুরুতে দলটির ছয়জন খেলোয়াড় ও একজন সাপোর্ট স্টাফ মানবিক ভিসা নিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাকিরা গত ৯ মার্চ সিডনি থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলে যান। কিন্তু আশ্রিত সাতজনের মধ্য থেকে একজন অল্প সময়ের ব্যবধানেই মত পাল্টে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও তিনজন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে জানান, ‘রাতারাতি ওই তিন সদস্য দলের বাকিদের সঙ্গে ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তাদের কাছে এই সিদ্ধান্ত জানানোর পর তাদের বিকল্পগুলো নিয়ে ভাবার জন্য বারবার সুযোগ দেওয়া হয়েছিল।’
সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতেই ওই তিন সদস্য সিডনি থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। ৯ মার্চ অস্ট্রেলিয়া ছাড়া দলের বাকি সদস্যরা সেখানেই অবস্থান করছেন। সবার সঙ্গে মিলিত হয়ে তারা দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সর্বশেষ অস্ট্রেলিয়া ছাড়া তিনজনের মধ্যে দুজন খেলোয়াড় এবং একজন সাপোর্ট স্টাফ রয়েছেন। এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, এই সদস্যরা নিজেদের পরিবার ও মাতৃভূমির উষ্ণ আলিঙ্গনে ফিরে যাচ্ছেন।