খেলাধুলা ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে আসর থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে স্বাগতিক শ্রীলঙ্কার। ফলে এই গ্রুপ থেকে শেষ চারের দ্বিতীয় টিকিটের জন্য লড়াইটা এখন কেবল নিউজিল্যান্ড ও পাকিস্তানের। তবে সমীকরণের বিচারে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে কিউইরা। আর খাদের কিনারে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের সামনে অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ।
গতকাল শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। তাদের নেট রানরেটও এখন বেশ শক্তিশালী (+৩.০৫০)। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে কিউইরা। সেক্ষেত্রে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান।
বর্তমানে পাকিস্তানের পয়েন্ট মাত্র ১, আর নেট রানরেট -০.৪৬১। সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের হার কামনা করতে হবে। ইংল্যান্ড জিতলে তাদের পয়েন্ট হবে ৬, আর তখনই কেবল হিসাবের খাতায় টিকে থাকবে পাকিস্তান। এরপর শনিবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে, যাতে নিউজিল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে থাকা রানরেট টপকে যাওয়া যায়।
যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৮০ রান তোলে এবং নিউজিল্যান্ডকে ৩০ রানে হারায়, তবে পাকিস্তানকে জিততে হবে অন্তত ৪০ রানের ব্যবধানে (উভয় দলের রান প্রায় সমান ধরে)। অর্থাৎ, দুই ম্যাচের জয়ের ব্যবধান মিলিয়ে প্রায় ৭০ রানের পার্থক্য গড়তে হবে বাবরদের।
অন্যদিকে, নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে ১৫০ রান করে এবং ইংল্যান্ড ১৭ ওভারে সেই লক্ষ্য তাড়া করে জেতে, তবে পাকিস্তানকে একই লক্ষ্য তাড়া করে জিততে হবে মাত্র ১৪.৪ ওভারের মধ্যে। তবেই নেট রানরেটে কিউইদের পেছনে ফেলতে পারবে পাকিস্তান।
সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ের ওপর নির্ভর করছে প্রথম সেমিফাইনালের ভেন্যুও। সমীকরণ মিলিয়ে নিউজিল্যান্ড শেষ চারে উঠলে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর পাকিস্তান যদি নাটকীয়ভাবে যোগ্যতা অর্জন করতে পারে, তবে ম্যাচটি হবে কলম্বোয়।