খেলা ডেস্ক | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বাইশ গজে বোলারদের শাসন করতে দেখা গেছে বহুবার, হাজারও চাপের মুখে ব্যাটিং করে জিতিয়েছেন দেশকে। তবে আজ বৃহস্পতিবার এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম-১০ আসনের ভোটার হিসেবে জীবনের প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন সাবেক এই অধিনায়ক।
এদিন বেলা ১১টার দিকে কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিতে যান তামিম। তার সঙ্গী ছিলেন বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। দুই ভাই মিলে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে পৌঁছান। তবে তারকা এই ক্রিকেটারের আগমন ঘিরে কেন্দ্রে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যদের নিরাপত্তায় তামিমকে ভোটকক্ষে নিয়ে যাওয়া হয়।
ভোট দেওয়া শেষে হাসিমুখে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। প্রথমবারের মতো নাগরিক দায়িত্ব পালন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম, সত্যি বলতে পরিবেশটা বেশ ভালো লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব স্বস্তি বোধ করছি।’
ভোট দেওয়ার প্রক্রিয়াটি বেশ সহজ ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পুরো প্রসেসটা অনেক ইজি (সহজ)। আমি আশা করি, সবাই এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করবেন।’