খেলা ডেস্ক | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে জায়গা পেয়েছেন ইনজুরি নিয়ে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যাওয়া জোফরা আর্চার। আছেন পেসার জস টঙ।
বিশ্বকাপের আগে টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। আর্চার ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকায় ওই সিরিজে খেলবেন না। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টঙ প্রথমবার টি-২০ দলে ঢুকেছেন। শ্রীলঙ্কা সিরিজে থাকা পেসার ব্রাইডন কার্স বিশ্বকাপের প্রাথমিক দলে নেই।
বিশ্বকাপে ইংল্যান্ডের টি-২০ দলের নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। সাবেক অধিনায়ক জস বাটলারও আছেন প্রাথমিক দলে। সঙ্গে ফিল সল্ট, বেন ডাকেট, উইল জ্যাক, আদিল রশিদ জায়গা পেয়েছেন। প্রথমবার টি-২০ বিশ্বকাপ দলে রাখা হয়েছে রেহান আহমেদকে।
গত আসরে ইংলিশদের জার্সিতে টি-২০ বিশ্বকাপ খেলা মার্ক উড, লিয়াম লিভিংস্টোন, রিচ টপলে নেই এবারের বিশ্বকাপ দলে। জায়গা পেয়েছেন লুক উড, লিয়াম ডওসন ও জেমি ওভারটন। পেস অলরাউন্ডার স্যাম কারেন আছেন প্রাথমিক দলে। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড। তাদের অন্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপের প্রাথমিক দল: হ্যারি ব্রুক, রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্রান্টন, জ্যাকব বার্থেল, জস বাটলার, স্যাম কারেন, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাক, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জস টঙ, লুক উড।