খেলা ডেস্ক | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় দলের রেশ এবার ছড়াল যুব ক্রিকেটেও। আইসিসির অনুরোধ ছিল, অন্তত বয়সভিত্তিক ক্রিকেটে যেন রাজনীতির আঁচ না লাগে, বজায় থাকে সৌজন্য। কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি ভারত। রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে টসের সময় হাত মেলালেন না ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক।
দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে এদিন টস জিতেছিল পাকিস্তান। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ। কিন্তু টসের আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় অধিনায়ক আয়ুশের দিকে হাত বাড়িয়ে দেওয়ার সৌজন্য দেখাননি ফারহান, আয়ুশও ছিলেন ভাবলেশহীন। এমনকি দুজনেই এড়িয়ে গেছেন চোখাচোখি। সঞ্চালকের সঙ্গে কথা বলে সোজা যার যার ড্রেসিংরুমে ফিরে যান তারা।
গত মে মাসে দুই দেশের সম্পর্কের টানাপড়েনের পর থেকেই ক্রিকেট মাঠে এই ‘অসৌজন্যমূলক’ দৃশ্য নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপে ভারতের সূর্যকুমার যাদব হাত মেলাননি পাক অধিনায়ক সালমান আঘার সঙ্গে। নারী বিশ্বকাপেও হারমানপ্রীত কৌর ও ফাতিমা সানার মধ্যে দেখা গেছে একই চিত্র। এমনকি ইমার্জিং এশিয়া কাপেও ‘এ’ দলের অধিনায়করা মেনে চলেছেন এই ‘নো হ্যান্ডশেক’ নীতি।
ছোটদের ক্রিকেটে অন্তত এমন দৃশ্য এড়াতে চেয়েছিল আইসিসি। তিন দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছিল, জুনিয়র ক্রিকেটে রাজনীতি দূরে রাখতে বিসিসিআইকে বিশেষ অনুরোধ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। বিসিসিআইয়ের এক কর্মকর্তাও জানিয়েছিলেন বিষয়টি অস্বস্তিকর। কিন্তু আজকের মাঠের চিত্রে স্পষ্ট, আইসিসির সেই অনুরোধে বরফ গলেনি। বড়দের দেখানো পথেই হাঁটল দুই দেশের যুবারা।