অর্থনীতি ডেস্ক | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ১৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস। গত ৩১ জানুয়ারি ইউএসবিবিসি তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।
ইউএস চেম্বার অব কমার্সে ইউএসবিবিসি হচ্ছে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে মার্কিন ব্যবসায়ীদের নীতিকে অগ্রাধিকার দেওয়ার একটি ব্যবসায়িক অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং নীতি-পরামর্শ প্রদান করে।
কোবোস ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ডে শুরু থেকেই কাজ করছেন এবং ইউএস-বাংলাদেশ এনার্জি টাস্ক ফোর্সের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কোবোস এমন এক সময়ে বোর্ডের দায়িত্ব গ্রহণ করেছেন যখন বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইউএসবিবিসি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ‘কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর’ উদযাপন করছে।
এ বিষয়ে ইউএস চেম্বার অব কমার্সের ইন্টারন্যাশনাল স্ট্রাটেজি অ্যান্ড গ্লোবাল ইনিশিয়েটিভস এর দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশা বিসওয়াল বলেন, স্টিভেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড অব ডিরেক্টরসের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ায় আমরা আনন্দিত। আশা করছি স্টিভেনের নেতৃত্ব যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে।
ইউএসবিবিসির নবনিযুক্ত চেয়ারম্যান স্টিভেন কোবাস বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের সভাপতিত্ব আমার জন্য এক বিশেষ দায়িত্ব, যা গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সামনের দিনগুলোতে আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সমৃদ্ধি ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবো।
উল্লেখ্য এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি ২০১৮ সালে বাংলাদেশে প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করে। বঙ্গোপসাগরে কোম্পানির ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউএস) দিয়ে বর্তমানে দেশের প্রাকৃতিক গ্যাসের দৈনিক চাহিদার ১০ শতাংশ পূরণ করা হচ্ছে।