শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাকিস্তান ছাড়ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, অনিশ্চয়তায় সিরিজ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তান ছাড়ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, অনিশ্চয়তায় সিরিজ

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

এমন সিদ্ধান্তে পাকিস্তান–শ্রীলঙ্কার চলমান ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ এবং এরপর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। ভয়াবহ এই জঙ্গি হামলার স্থান পাকিস্তান–শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে।

হামলায় হতাহতের খবর কানে আসার পর স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা দল আতঙ্কিত হয়ে পড়ে। তবে হাসারাঙ্গা–আসালাঙ্কা–মেন্ডিসদের অভয় দিতে মঙ্গলবার প্রথম ওয়ানডে চলাকালেই তাদের সঙ্গে দেখা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি সফরকারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।

লঙ্কানদের নিরাপত্তা জোরদার করতে পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সকেও দায়িত্ব দেওয়া হয়। এরপরও ক্রিকেটারদের মনে ভয় কাজ করছে।

এসএলসির একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘বৃহস্পতিবার দুই দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনিশ্চিত। তবে শিগগিরই পাকিস্তানে বিকল্প খেলোয়াড় পাঠানো হবে, যেন ত্রিদেশীয় সিরিজ চালিয়ে নেওয়া যায়।’

এসএলসির সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, সিরিজ চালিয়ে যাওয়ার ব্যাপারে বোর্ড একটি আনুষ্ঠানিক ঘোষণা প্রস্তুত করছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ রানে হারায় পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের শেষ দুটি ম্যাচ হওয়ার কথা আজ বৃহস্পতিবার ও আগামী শনিবার।

এর আগে ২০০৯ সালের মার্চে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার সময় শ্রীলঙ্কা দলের বাসে বন্দুকধারীরা হামলা চালায়। এতে ছয় লঙ্কান ক্রিকেটার আহত হন। ওই ঘটনার পর ৬ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম