লাইফস্টাইল ডেস্ক | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কর্মব্যস্ততার কারণে অনেক সময় ঘর ঠিকমতো গোছানো হয় না। হঠাৎ করেই হয়তো কোনো অতিথি একদিন ফোন দিয়ে আপনার বাসায় আসতে চাইলেন। এ পরিস্থিতিতে দ্রুত ঘর গোছানোর কিছু কৌশল জেনে রাখতে পারেন। তাহলে অগোছালো ঘর নিয়ে কারও সামনে বিব্রত হতে হবে না।
অগোছালো জিনিস সরিয়ে ফেলুন: যেখানে সেখানে জামাকাপড় জমা থাকলে দ্রুত সেগুলো সরিয়ে ফেলুন। সমস্ত জামাকাপড় ভাঁজ করে গুছিয়ে তোলা সম্ভব হবে না। যেসব ধুতে হবে সেগুলি ওয়াশিং মেশিনে ভরে দিন। বাকিগুলো কোনও ব্যাগে ভরে, আড়ালে সরিয়ে দিন। টুকিটাকি জিনিস যেগুলি সামনে রাখা যায় ঝেড়ে রেখে দিন।
জুতা রাখার জায়গা: অতিথি এলে প্রথমেই জুতো রাখার জায়গায় চোখ পড়বে। জুতো এদিক-সেদিক ছড়িয়ে রাখলে দেখতে ভালো লাগে না। তাই জুতা রাখার তাকে সেগুলি গুছিয়ে রাখুন কিংবা জুতা রাখার কাবার্ড থাকলে সেখানে জুতোগুলো ভরে দিন।
বাথরুম: অতিথি বাড়ি এসে বাথরুমে যেতে পারেন। তাই বেসিন থেকে সাবান রাখার জায়গা পরিষ্কার করে নিন। পরিষ্কার তোয়ালে রাখুন হাতের কাছে। বাথরুমে এয়ার ফ্রেশনার স্প্রে করতে পারেন। সম্ভব হলে একটি বাটিতে পানি নিয়ে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে রাখুন। এতে বাথরুমে দুর্গন্ধ থাকলে চলে যাবে।
বসার ঘর: অতিথি এসে যে ঘরে বসবে সেটি দ্রুত পরিষ্কার করুন। ঘরে বাড়তি জিনিস থাকলে একটি ঝুড়িতে ভরে সরিয়ে রাখুন। ঘর ছিমছাম থাকলে পরিচ্ছন্ন দেখায়। বসার টেবিলে কোনও সুন্দর ট্রে বা ফুলদানি সাজিয়ে দিন। সোফায় বসলে যে অংশগুলিতে অতিথির চোখ যাবে, সেগুলি দ্রুত সাজিয়ে ফেলুন।
সুগন্ধী: সুগন্ধ মনের উপর প্রভাব ফেলে। তরতাজা লাগে। তবে কৃত্রিম সুগন্ধী নয়, ঘরে এসেনশিয়াল অয়েল রাখুন। অয়েল ডিফিউজ়ার থাকলে তার মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ফেলে দিন। তা বাষ্পীভূত হয়ে ঘর ভরে যাবে। সুগন্ধ ছড়াবে।