শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা, মোদিকে পাল্টা জবাব নকভির

খেলা ডেস্ক   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা, মোদিকে পাল্টা জবাব নকভির

এশিয়া কাপের শিরোপা জেতায় ভারতের পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে তুলনা করেছেন অপারেশন সিঁদুরের সঙ্গে। তবে এমন তুলনার মাধ্যমে ক্রিকেটের রাজনীতিকরণের অভিযোগ তুলে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

মহসিন নকভি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। গত মে মাসে কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতের অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’।

রোববার রাতে ভারতের জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) লিখেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একইরকম। ভারতের বিজয়।’ নরেন্দ্র মোদির এমন বার্তার জবাবে মহসিন নকভিও এক্সে লিখেছেন, ‘খেলার সঙ্গে যুদ্ধকে মেশানোটা অসহায়ত্বকে প্রকাশ করে। কলঙ্কিত করে খেলার আসল চেতনাকে।’

নরেন্দ্র মোদিকে খোঁচা দিতেও ছাড়েননি নকভি। লিখেছেন, ‘যুদ্ধই যদি আপনাদের গৌরবের মাপকাঠি হয়, তবে ইতিহাসের দিকে তাকান। সেখানে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয়ের রেকর্ড আছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে নতুন করে লিখতে পারবে না।’

পাকিস্তানি গণমাধ্যম ডন লিখেছে, এমন কথার মাধ্যমে নকভি মূলত গত মে মাসের সংঘাতে পাকিস্তানের সাফল্যের প্রতি ইঙ্গিত করেছেন।

আসর শেষে দুই দেশের রাজনীতিবিদরা ক্রিকেটের সঙ্গে ‘যুদ্ধের’ প্রসঙ্গে আনলেও, খেলার মাঠে মূলত এর শুরুটা করেছিলেন ক্রিকেটাররাই। সপ্তাহ খানেক আগে এশিয়া কাপের ম্যাচে অর্ধশতক হাঁকানোর পর ব্যাট তাঁক করে উদযাপন করেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। পরে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই উদযাপনকে তুলনা করা হয় ‘একে-৪৭’ অস্ত্র দেখানোর সঙ্গে।

পাকিস্তানি আরেক ক্রিকেটার হারিস রউফও মাঠে হাত দিয়ে প্লেন ভূপাতিত করার ভঙ্গি দেখান। এনডিটিভির খবর, রোববার ফাইনাল ম্যাচে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাও একই ভঙ্গি দেখিয়ে রউফকে জবাব দিয়েছেন। এ ছাড়া, গ্রুপ পর্বের ম্যাচে হাত না মেলানো নিয়েও ভারতীয় ক্রিকেটাররা বিতর্ক উসকে দিয়েছিলেন। যে উত্তেজনা ফাইনাল ম্যাচেও দেখা গেছে- পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম