খেলা ডেস্ক | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
টপ অ্যান্ড টি-২০ সিরিজে পাকিস্তান শাহিনসের রান পাহাড়ে চাপা পড়ে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটে ও বলে জাতীয় দলের ছায়াদল নিয়ে খেলা বাংলাদেশ ‘এ’ পাকিস্তানের দলটির কাছে পাত্তাই পেল না।
অথচ বাংলাদেশ ‘এ’ দলের একাদশে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাত ক্রিকেটার ছিলেন। যাদের মধ্যে সম্প্রতি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্যাটার নাঈম শেখ ও পেসার হাসান মাহমুদ। নুরুল হাসান সোহান ও সাইফ হাসান পরেছেন জাতীয় দলের জার্সি। দলে ঢোকার লড়াইয়ে আছেন তারা। জাতীয় দলে কামব্যাক ও বাদ পড়ার মধ্যে আছেন আফিফ হোসেন। মাহিদুল অঙ্কনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিন ফরম্যাটে জাতীয় দলে ঢোকার লড়াইয়ে আছেন তিনি। একটি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীও।
ওই হিসেবে পাকিস্তান শাহিনসের দলে আছেন পাইপলাইনের ক্রিকেটার। কেবল পেসার মোহাম্মদ ওয়াসিম বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আব্দুস সামাদ ও ইরফান খানের গুটিকয় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ডারউইনে টস জিতে পাকিস্তানের ওই দলই ৪ উইকেটে ২২৭ রানের বিশাল সংগ্রহ তোলে।
ওপেনিং জুটিতে খাজা নাফি ও ইয়াসির খান ১১৮ রান যোগ করেন। দু’জনই ফিফটি তুলে নেন। তিনে নামা ব্যাটার আব্দুস সামাদও পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন। চিটাগং কিংসের হয়ে বিপিএল মাতিয়ে যাওয়া ২৩ বছর বয়সী নাফি ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলেন। আটটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। ইয়াসির ৪০ বলে ৬০ রান যোগ করেন। তার ব্যাট থেকে সাত চার ও দুই ছক্কা আসে। আব্দুস সামাদ ২৭ বলে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি একটি চার মারলেও ছক্কা তোলেন পাঁচটি। এছাড়া ইরফান খান ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার নাঈম শেখ (৫) শুরুতেই ফিরে যান। অন্য ওপেনার জিসান আলম ও তিনে নামা সাইফ হাসান ৮৬ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। পরেই উইকেট হারানোর মিছিলে নামে বাংলাদেশ। ওপেনার জিসান ১৭ বলে ৩৩ রান করে আউট হন। সাইফ ৩২ বলে ৫৭ রান করে আউট হন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন। আফিফ হোসেন ৬ ও নুরুল হাসান ২২ রান করে সাজঘরে ফেরেন। পরে অঙ্কন (৬), মাহফুজুর রাব্বি (৩) ও মৃত্যুঞ্জয় (২) ব্যর্থ হলে অলআউটের লজ্জায় ডোবে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশের হয়ে খেলা বোলাররাও ছিলেন খরুচে। বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন। পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট। মৃত্যুঞ্জয় ৪ ওভারে ৩৯ ও রিপন মন্ডল ৪৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। অন্য দিকে পাকিস্তানের শাস মাসুদ ৩০ ও ফয়সাল আকরাম ১৯ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। ওয়াসিম নেন ২ উইকেট।