শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রয়োজনে তামিমের মতো ‘এক হাতে’ ব্যাট করবেন ওকস!

খেলা ডেস্ক   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রয়োজনে তামিমের মতো ‘এক হাতে’ ব্যাট করবেন ওকস!

হ্যারি ব্রুক ও জো রুটের সেঞ্চুরিতে সহজ জয়ের পথেই ছিল ইংল্যান্ড। চা বিরতির সময় ৬ উইকেটে ৫৭ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু রুট-ব্রুক আউট হতেই আচমকা ঘুরে যায় ম্যাচের গতিপথ। এতে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে ভারত। ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রান। জয়ের জন্য বাকি ৩৫, হাতে মাত্র ৪ উইকেট। তার ওপর কাঁধের চোটে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্রিস ওকস, যার ফেরার সম্ভাবনা ছিল না বললেই চলে।

তবে দলের প্রয়োজনে অসম্ভবকে সম্ভব করার মানসিকতা দেখাচ্ছেন ৩৬ বছর বয়সী এই তারকা বোলিং অলরাউন্ডার। এমনিতে তার এক হাত স্লিং ঝুলানো, কিন্তু দলের প্রয়োজনে এক হাতেও ব্যাট করতে প্রস্তুত আছেন তিনি। এমনকি চতুর্থ দিনে রোববার ওভালের ইনডোরে এক হাতে ব্যাটিংয়ের কিছুটা অনুশীলনও করেছেন ওকস।

এমন সাহসী সিদ্ধান্তে ক্রিকেটভক্তদের মনে পড়ে যাচ্ছে তামিম ইকবালের সেই ঘটনাটি। ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুর দিকে চোট পেয়ে তার হাতও স্লিংয়ে ঝোলানো ছিল। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তবু শেষ জুটিতে ক্রিজে গিয়ে এক হাতে ব্যাট করে ক্রিকেটের চিরন্তন সাহসীকতার গল্পে জায়গা পেয়ে গেছেন বাংলাদেশের ওপেনার। তামিম ছাড়াও ১৯৮৪ সালে হেডিংলি টেস্টে ম্যালকম মার্শাল ভাঙা আঙুল নিয়ে স্লিং ঝোলানো অবস্থায় এক হাতে ব্যাট করে সতীর্থকে সেঞ্চুরি করতে সাহায্য করেছিলেন।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওকসের বিষয়টি নিয়ে জো রুট বলেছেন, ‘ওকস এখনো আমাদের সঙ্গেই আছে। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের নিজেদের ঝুঁকিতে ফেলতে হয়েছে। ঋষভ পন্ত ভাঙা পা নিয়েও ব্যাট করেছে। এখন ওকসও প্রস্তুত, ইংল্যান্ডের জন্য এক হাতে হলেও ব্যাট করতে।’

তবে রুটের আশা, ওকসের ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়বে না, ‘সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এটা (দলের প্রতি নিবেদন) তার কাছে অনেক অর্থবহ। ইংল্যান্ডের জন্য নিজেকে ঝুঁকিতে ফেলতেও প্রস্তুত থাকা তার চরিত্র ও ব্যক্তিত্বের জানান দেয়। তবে আশা করি খেলা ওই পর্যন্ত যাবে না।’

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওকসের চোট প্রাথমিকভাবে যতটা ভাবা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি গুরুতর। অস্ত্রোপচারের সম্ভাবনাও আছে, যার ফলে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ফলে আসন্ন অ্যাশেজ সিরিজেও অনিশ্চিত হয়ে পড়েছে তার অংশগ্রহণ।

সব মিলিয়ে আজ শেষ দিনে ওভালে রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ওকস নামবেন কি না, ইংল্যান্ড জিতবে কি না—সব প্রশ্নের জবাব আজ মাঠেই পাওয়া যাবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম