নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যা করেছেন ইমন (২৪) নামে এক যুবক। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার ভাবি রাবেয়া বেগম।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যা করা হয়। এ সময় বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।