নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্বামীর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ির কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা কক্ষটি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ভোরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহত তিনজনের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।