নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসকের অবহেলায় কণিকা রানী মণ্ডল (৩২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের পর তার পেটে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ রেখে সেলাই করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে বালিয়াকান্দির বাঘুটিয়া গ্রামে কণিকার বাড়িতে গিয়ে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের প্রায় ৫১ দিন পর কণিকার মৃত্যু হয়েছে। ঘটনাটি সরকারকে ব্যথিত করেছে। রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন অসুস্থ হয়ে কণিকা ফরিদপুর শহরের ঝিলটুনি এলাকার সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক লক্ষ্মী রানী দত্তের তত্ত্বাবধানে সেদিন সন্ধ্যায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
অপারেশনের পরদিন কণিকার পেট ফুলে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। বিষয়টি চিকিৎসককে জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ।
পরে অবস্থার অবনতি হলে কণিকাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার পেটে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ থাকার বিষয়টি শনাক্ত করেন বলে পরিবার জানিয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট রাত ২টার দিকে কণিকা রানী মণ্ডল মারা যান।
এদিকে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্লিনিক ও হাসপাতালের মান নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের কারণে স্বাস্থ্য খাতে নানা সমস্যা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।