শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের গান্দারবাল জেলায় এক নববিবাহিত পোল্ট্রি খামারিকে মাদক মামলায় ফাঁসানোর চক্রান্ত করে শেষ পর্যন্ত নিজেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রীর সাবেক প্রেমিক।

গত ৯ আগস্ট শ্রীনগরের জয়নাকোট এলাকার বাসিন্দা তারিক আহমেদ সোফিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, ওই যুবককে ফাঁসাতে পোল্ট্রি ফিডের নমুনার নামে তার ঠিকানায় বিপুল পরিমাণ মাদক পাঠিয়েছিলেন তিনি। এমনকি পুলিশ যাতে ওই খামারিকে হাতেনাতে গ্রেপ্তার করে, সে জন্য কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মাদকের চালান আসার খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে গোপন সংবাদের ভিত্তিতে গান্দারবালে আসা একটি পার্সেল আটক করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পার্সেলটি খুলে চার কেজি কোকেন, ৮০ গ্রাম ক্যানাবিস ও কিছু সাইকোট্রপিক ড্রাগ উদ্ধার করা হয়। পার্সেলটি উত্তরপ্রদেশের কানপুর থেকে পাঠানো হয়েছিল।

পরে পার্সেলের প্রাপকের ঠিকানা ধরে ওই পোল্ট্রি খামারির বাড়িতে যায় পুলিশ। কয়েক মাস আগে বিয়ে করা ওই যুবক জানান, পোল্ট্রি ফিডের বিনামূল্যের নমুনা পাওয়ার আশায় তিনি পার্সেলটির অপেক্ষায় ছিলেন। এর ভেতরে মাদক রয়েছে—এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে পোল্ট্রি ফিডের ফ্রি নমুনা পাঠানোর কথা বলা হয়েছিল। প্রেরকের একটি সৌদি আরবের মোবাইল নম্বরও পুলিশকে দেন তিনি। একই সঙ্গে জানান, বছরের শুরুতে সৌদি আরবের একটি নম্বর থেকে ফোন করে তাকে ওই নারীকে বিয়ে না করার জন্য হুমকি দেওয়া হয়েছিল।

এরপর ওই যুবকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তার সাবেক প্রেমিক তারিক আহমেদ সোফিই এই চক্রান্তের নেপথ্যে। ওই নারীকে বিয়ে করার পরিবর্তে অন্য একজনকে বিয়ে করায় প্রতিশোধ নিতেই সোফি তার স্বামীকে মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেন বলে অভিযোগ।

তদন্তে পুলিশ জানতে পারে, সোফি সরাসরি নিজের নাম ব্যবহার না করে অন্যদের মাধ্যমে পুলিশের কাছে মাদকের চালান আসার খবর পৌঁছে দেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, কানপুরে থাকা তার বন্ধু অ্যারিব তার নির্দেশে পার্সেলটি কুরিয়ার করে পাঠিয়েছিলেন। অ্যারিব দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, সোফির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (এনডিপিএস) ৮/২০ ও ২১ ধারায় মামলা করা হয়েছে। এখন অ্যারিব কীভাবে মাদক সংগ্রহ করে পার্সেলটি পাঠিয়েছিলেন এবং তিনি পুরো ষড়যন্ত্র সম্পর্কে জানতেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম