শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, ডোপ টেস্টে পজিটিভ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, ডোপ টেস্টে পজিটিভ

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ-আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনার সময় বিমানের প্রধান পাইলট গাঁজা সেবন করেছিলেন বলে দুই দফা ডোপ টেস্টে প্রমাণ মিলেছে।

গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আটজন ক্রু সদস্য নিয়ে ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার ‘এআই-২৩৭৯’ ফ্লাইটটি। ক্রুজিং অবস্থায় এয়ারবাস এ৩২০নিও বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বিমানের ভেতরে তীব্র ‘নেগেটিভ-জি’ পরিস্থিতির সৃষ্টি হয়। সিটবেল্ট না বাঁধা থাকায় যাত্রীরা আসন থেকে ছিটকে পড়েন। এ ঘটনায় অন্তত ২০ যাত্রী ও চারজন ক্রু সদস্য আহত হন।

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানান, আহতদের মধ্যে দুজন ক্রু সদস্যের টেলবোন ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ার সময় প্রধান পাইলট ককপিটের নির্ধারিত আসনে ছিলেন না। তখন সহ-পাইলট বিমানটি নিয়ন্ত্রণ করছিলেন।

দিল্লিতে অবতরণের পর নিয়ম অনুযায়ী দুই পাইলটের ডোপ টেস্ট করা হয়। প্রথম পরীক্ষায় প্রধান পাইলটের শরীরে গাঁজার সক্রিয় উপাদানের উপস্থিতি পাওয়া যায়। পরে মঙ্গলবার দ্বিতীয় দফার পরীক্ষাতেও একই ফল আসে।

তবে পাইলটের গাঁজা সেবনের সঙ্গে বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। যান্ত্রিক ত্রুটি, হাইড্রোলিক সমস্যা কিংবা মানবিক ভুল—সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে ফ্লাইটের রেকর্ড করা ডেটা, বিমান রক্ষণাবেক্ষণের নথি, উড্ডয়ন-সংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য পর্যালোচনা করা হচ্ছে।

এ ঘটনায় দুই পাইলটকেই সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গ্রাউন্ডেড করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো আংশিক তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনায় এয়ার ইন্ডিয়ার বিদায়ী সিইও ক্যাম্পবেল উইলসন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

মন্ত্রী রাম মোহন নাইডু বলেন, বিমান চলাচলের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিয়ন্ত্রক সংস্থা কিংবা এয়ারলাইন্স—কোনো পক্ষের ক্ষেত্রেই নিরাপত্তার বিষয়ে আপস করা হবে না।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম